সিঙ্গাপুরের উন্নতির নেপথ্যে
বিশ্বব্যাংকের করা সাম্প্রতিক এক তালিকা অনুযায়ী আগামী বছরে ব্যবসা শুরুর সবচেয়ে সহজ পরিবেশের তালিকায় শীর্ষস্থানে রয়েছে সিঙ্গাপুর। দেশ হিসেবে সিঙ্গাপুর দ্রুত উন্নতি করছে। সিঙ্গাপুরের এ উন্নতি রহস্যের মূলে রয়েছে নতুন প্রযুক্তি-উদ্যোক্তা ও প্রযুক্তির প্রসার। সম্প্রতি বিবিসি অনলাইন সিঙ্গাপুরের প্রযুক্তি-উন্নয়ন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।বিবিসি প্রতিবেদন অনুযায়ী, ষাটের দশকের পর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম ইলেকট্রনিক পণ্য নির্মাণকেন্দ্র হিসেবে পরিচিতি পেতে শুরু করে সিঙ্গাপুর। কম্পিউটার বা অন্যান্য পণ্যসামগ্রী প্রচলনের আগে ট্রানজিস্টার থেকে শুরু করে প্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রী তৈরির উদ্যোগ এখানে শুরু হয়েছিল। বর্তমানে প্রযুক্তির উন্নয়ন, প্রসার ও ব্যবসায় সিঙ্গাপুর সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। প্রযুক্তিভিত্তিক ব্যবসা-উদ্যোগ, গবেষণা ও উন্নয়নে অর্থ সাহায্যসহ ব্যবসা-উপযোগী পরিবেশ সৃষ্টি করেছে।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরে উদ্যোক্তারা খুব সহজেই ব্যবসা শুরু করতে পারেন। উদ্যোগ নিয়ে কোনো প্রতিষ্ঠান ব্যর্থ হলে, ব্যবসা গুটিয়ে ফেলা অনেক সহজ। এশিয়ার বাজারে তাই সিঙ্গাপুরে উদ্যোক্তার সংখ্যা বাড়ছে। অনেক নতুন ছোটো আকারের প্রযুক্তি-উদ্যোক্তা সিঙ্গাপুরকেই তাঁদের উদ্যোগ গ্রহণের ক্ষেত্র হিসেবে বেছে নিচ্ছেন। সিঙ্গাপুরের ছোটো ছোটো এসব উদ্যোগের ক্ষেত্রে বিনিয়োগের জন্য আগ্রহ দেখাচ্ছে বিশ্বের বড় অনেক প্রতিষ্ঠান। সম্প্রতি স্থানীয় ভিডিও গেম উন্নয়নকারী প্রতিষ্ঠান লেভেল আপের ক্ষেত্রে চীনের প্রযুক্তিপ্রতিষ্ঠান টেনসেন্টের বিনিয়োগের বিষয়টি এখানে উল্লেখ করা যায়।নতুন উদ্যোক্তাপ্রতিষ্ঠান হিসেবে সিঙ্গাপুরের জিনসোরিয়াম নামের একটি প্রতিষ্ঠানের কথা বলা যায়। শরীর ঠিক রাখার উপযোগী যন্ত্র তৈরি করেছে প্রতিষ্ঠানটি, যা আইফোন বা আইপ্যাডের সঙ্গে কাজ করে। অপটিক্যাল সেনসিং টেকনোলজি ব্যবহার করে শরীরের রক্তের পরিমাণ নির্ণয় করে ‘টিংকি’ নামের যন্ত্রটি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্বাস্থ্যসংক্রান্ত প্রযুক্তির প্রয়োজন পড়বে ভবিষ্যতে। স্বাস্থ্যসংশ্লিষ্ট কাজের ক্ষেত্র বাড়বে। তাই স্বাস্থ্য খাতের উপযোগী পণ্য তৈরিতে নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান জানান, স্বাস্থ্য তথ্য মানুষের হাতে সহজে পৌঁছালে তারা এ বিষয়ে সচেতন হবে এবং সমস্যা সমাধানের ব্যবস্থা নিতে পারবে।স্বাস্থ্য খাত ছাড়াও সিঙ্গাপুরের নতুন উদ্যোক্তারা বাড়িতে রান্না করার বিষয়টি নিয়ে কাজ করছেন। দক্ষিণ এশিয়ার রান্নার স্বয়ংক্রিয় পদ্ধতি তৈরিতে এগিয়ে এসেছেন উদ্যোক্তারা। জিমপ্লাস্টিক নামের নতুন উদ্যোক্তা দল তৈরি করেছে ‘রুটিম্যাটিক’। রুটিম্যাটিক যন্ত্রটিতে শুধু পানি আর আটা দিয়ে রুটির সংখ্যা নির্ধারণ করে দিলেই হবে। এ মেশিন দ্রুত রুটি তৈরি করে দেবে। দক্ষিণ এশিয়ার বাজারের চিন্তা করেই এ ধরনের যন্ত্র তৈরি করা হয়েছে। শিগগিরই সিঙ্গাপুরের বাজারে স্বয়ংক্রিয় রুটি তৈরির এ যন্ত্র পাওয়া যাবে। বর্তমান সময়টা হচ্ছে স্মার্টফোন ও ট্যাবলেটের। এসব পণ্যে পিনকোড, পাসওয়ার্ড বা টাচের পরিবর্তে কণ্ঠস্বর শনাক্তের প্রযুক্তি চলে এসেছে। এ ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করেছে সিঙ্গাপুরের এ স্টার নামের নতুন একটি উদ্যোক্তাপ্রতিষ্ঠান। মানুষের কণ্ঠস্বর শনাক্তের প্রযুক্তি বা ভয়েস বায়োমেট্রিকের মতো প্রযুক্তি নিয়ে কাজ হচ্ছে সিঙ্গাপুরে।