সিজোফ্রেনিয়া একক রোগ নয়
সিজোফ্রেনিয়া রোগটি একক নয়, বরং আটটি ভিন্ন ধরনের সমস্যার সমন্বিত রূপ। প্রতিটি সমস্যারই রয়েছে আলাদা কিছু উপসর্গ এবং সেগুলো নির্দিষ্ট ‘জিন গুচ্ছের’ কারণে দেখা দেয়। যু্ক্তরাষ্ট্রের সেন্ট লুইসে অবস্থিত ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিনের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞানীরা বলছেন, এই নতুন গবেষণার ফলাফলে সিজোফ্রেনিয়া রোগটির ব্যাখ্যা এবং চিকিৎসার গবেষণায় নতুন দুয়ার খুলে গেছে। রোগটির জিনগত কারণ নিখুঁতভাবে নির্ণয় করার চেষ্টায় এক দশক ধরে বিজ্ঞানীরা কাজ করছিলেন।
ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ড্রাগান সভ্রাকিক বলেন, জিনগুলো আসলে স্বাধীনভাবে কাজ করতে পারে না, বরং ঐক্যবদ্ধ হয়ে মস্তিষ্কের গঠন ও কার্যক্রমে বিঘ্ন ঘটায়। পরিণামে সিজোফ্রেনিয়া রোগটি দেখা দেয়।
আমেরিকান জার্নাল অব সাইকিয়াট্রি সাময়িকীতে এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগীদের চার হাজার ২০০ জিনোম এবং সুস্থ স্বেচ্ছাসেবীদের তিন হাজার ৮০০ জিনোম বিশ্লেষণ করে গবেষকেরা, এতে বলা হয়, ৪২ ‘গুচ্ছ’ জিনগত বৈচিত্র্যের কারণে সিজোফ্রেনিয়ার ঝুঁকি নাটকীয়ভাবে বাড়ে। রোগটির বিভিন্ন উপসর্গের (যেমন: হ্যালুসিনেশন এবং চিন্তা সংগঠনে সমস্যা ইত্যাদি) ইত্যাদির জন্য পৃথক পৃথক জিন দায়ী। আর এই পরিস্থিতি এড়ানো প্রায় অসম্ভব।
সংশ্লিষ্ট গবেষক রবার্ট ক্লোনিংগার বলেন, জিনগুলো দলীয় যন্ত্রসংগীতে ব্যবহৃত বাদ্যযন্ত্রের মতো কাজ করে।
সূত্র: দি অস্ট্রেলিয়ান।