সিটি আইটি মেলা আজ ও কাল বন্ধ থাকবে
অনিবার্য কারণে আজ ও কাল বন্ধ থাকবে বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলা ‘সিটি আইটি ২০১৩’। মেলার আহ্বায়ক এ এন এম কামরুজ্জামান গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘পরশু ২০ মার্চ থেকে মেলা আবার যথারীতি চলবে। আজ ও কালের বদলে মেলা দুই দিন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। তাই মেলা চলবে ২৫ মার্চ পর্যন্ত।’ এদিকে গতকাল মেলায় লোক সমাগম কিছুটা কম হলেও বেচাকেনা ছিল বেশ ভালো বলে জানিয়েছেন বিক্রেতারা। ল্যাপটপের পাশাপাশি গতকাল বেশি বিক্রি হয়েছে বিভিন্ন ধরনের ক্যামেরা। রায়ানস আইটির ব্যবস্থাপক মো. আরিফুজ্জামান বলেন, ‘এবারে মেলায় ফিক্সড ফোকাস ও ডিএসএলআর দুই ধরনের ক্যামেরাই চলছে ভালো। দামের চেয়ে ছবির মানের প্রতিই নজর ক্রেতাদের। ল্যাপটপের মতো ক্যামেরার প্রতিও মানুষের চাহিদা বেড়েছে বলে মনে হচ্ছে।’ বিভিন্ন প্রকার ক্যামেরায় চলছে নগদ মূল্যছাড়। এ ছাড়া আছে মেমোরি কার্ড, মগ, টি-শার্ট, পেনড্রাইভ, ক্যামেরা ব্যাগসহ নানা পুরস্কার। কম্পিউটার মেলায় গতকাল দিনের প্রথমার্ধে লোক সমাগম ছিল বেশ, কিন্তু বিকেলে ছিল অনেকটা ফাঁকা। দোকানিরা জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণেই এমনটি হয়েছে। তবে আজও বেচাকেনা খারাপ না।গতকাল সন্ধ্যায় মেলায় ছিল জাদু প্রদর্শনী এবং কাসপারস্কির সৌজন্যে কুইজ প্রতিযোগিতা। বৃহস্পতিবার থেকে আবার প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলার গেট খোলা থাকবে। ১০ টাকা প্রবেশমূল্য দিয়ে ঘুরে যেতে পারেন কম্পিউটার মেলায়। স্কুলের শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের জন্য মেলায় কোনো টিকিট লাগে না। —হাসান ইমাম