সিটি আইটি মেলার সময় বাড়ল
ঢাকার আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটিতে শুরু হওয়া ‘সিটিআইটি ২০১৩’ মেলার সময় দুই দিন বেড়েছে। মেলা চলবে ২৫ মার্চ পর্যন্ত। মেলা আয়োজক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।‘সামাজিক ও গণযোগাযোগের শ্রেষ্ঠ মাধ্যম কম্পিউটার’ স্লোগানে ১৪ মার্চ শুরু হয়েছিল মেলা। হরতালের কারণে ১৮ ও ১৯ মার্চ বন্ধ থাকার পর আজ ২০ মার্চ মেলা আবার শুরু হয়েছে। বিশেষ আকর্ষণ হিসেবে মেলায় রয়েছে বিভিন্ন পণ্যের ওপরে মূল্য ছাড়, তথ্যপ্রযুক্তির সর্বাধুনিক পণ্যের বিভিন্ন প্রদর্শনী।সিটিআইটি মেলা ২০১৩-এর আহ্বায়ক ও বিসিএস কম্পিউটার সিটির ভারপ্রাপ্ত মহাসচিব এ এন এম কামরুজ্জামান জানিয়েছেন, শুরু থেকেই তরুণদের আগ্রহ দেখা যাচ্ছে। এ ছাড়াও সব ধরনের আগ্রহী মানুষের ভিড়ে মেলা জমজমাট। ১৬০টি স্থায়ী প্রতিষ্ঠান এবং ২০টি অস্থায়ী প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। কম্পিউটার হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্ক ডাটা কমিউনিকেশন পণ্য, ডিজিটাল ক্যামেরা, ল্যাপটপ, আলট্রাবুক এবারের মেলার বিশেষ আকর্ষণ।