সিটিআইটি মেলায় আজ গেম প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব
বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলা ‘সিটিআইটি ২০১৪’-এ আজ বৃহস্পতিবার গেম প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব শুরু হবে। ফাইনাল খেলা হবে আগামীকাল শুক্রবার। গিগাবাইট আয়োজিত এ প্রতিযোগিতায় নিড ফর স্পিড, ফিফা-১৪, কাউন্টার স্ট্রাইক ও কল অফ ডিউটি গেমে প্রায় ৭১২ জন গেমার অংশ নেন। মেলার চিত্রাঙ্কন প্রতিযোগিতার নিবন্ধনের শেষ তারিখ আজ।
মেলায় নানা ধরনের প্রযুক্তিপণ্যের মধ্যে দর্শকদের আগ্রহ রয়েছে প্রসেসর প্রতিও। ইন্টেলের পিডিসি জি৬৩০ ২.৭০ গিগাহার্টজ (গি.হা.), কোর আই৩ ৫৪০ ৩.০৬ গি.হা., সেলেরন কোরআই থ্রিসহ বিভিন্ন প্রসেসর পাওয়া যাচ্ছে। এএমডির সেমপ্রোন ১৪৫ ২.৪ গি.হা., এপিইউ এ৬ ৩৫০০ ২.১ গি.হা, বুলডোজারও আছে মেলায়।
মেলায় কম্পিউটার কেনার চাহিদাও আছে। ড্রিমল্যান্ড কম্পিউটার ১৪ হাজার ৭০০ টাকায় দিচ্ছে পার্সোনাল কম্পিউটার। রায়ানস কম্পিউটার ২৩ হাজার টাকায় বিক্রি করছে কম্পিউটার।
জেএএন অ্যাসোসিয়েটস ক্যানন প্রিন্টারে দিচ্ছে মূল্য ছাড়। ক্যানন পিক্সমা এমজি৩১৭০ ইঙ্কজেট মাল্টি-ফাংশন প্রিন্টার পাওয়া যাবে আট হাজার টাকায়। এলবিপি ৬২০০ডি লেজার প্রিন্টার পাওয়া যাবে নয় হাজার ৫০০ টাকায়।
প্রতিটি এসার নেটবুক, নোটবুক বা ট্যাবলেট পিসির সঙ্গে থাকছে একটি র্যাফল ড্র কুপন। মেলা শেষে ড্রয়ের মাধ্যমে পুরস্কার হলো সিঙ্গাপুর, মালয়েশিয়া ও নেপাল ভ্রমণের টিকিট। আজ সন্ধ্যার পর মেলার আয়োজকদের উদ্যোগে অনুষ্ঠিত হবে বিশেষ নাটক পাদুকা বর্জন। হঠাৎ নাট্য সম্প্রদায় এটির মঞ্চায়ন করবে। —রাহিতুল ইসলাম