সিটিভিল গেমস এখন গুগল প্লাসে
সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের জন্য সিটিভিল গেমস তৈরি করেছে গেমস নির্মাতাপ্রতিষ্ঠান জিংগা। গেমসটি শুধু ফেসবুকের ব্যবহারকারীরা খেলতে পারত, যা ইতিমধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার এ গেমসটি খেলা যাবে গুগলের সামাজিক যোগাযোগের সাইট গুগল প্লাসেও। সম্প্রতি জিংগার পক্ষ থেকে জানানো হয়, ‘আমরা গুগল প্লাসেরও বেশ ভক্ত, আর তাই গুগল প্লাসে গেমসটি চালু করা হয়েছে। এর ফলে এখন গুগল প্লাসের ব্যবহারকারীরাও গেমসটি খেলতে পারবে।’ অনলাইন যোগাযোগের বিচরণক্ষেত্র হিসেবে ব্যবহারকারীদের আকৃষ্ট করতে ফেসবুকে গেমস চালু করা হয়। গুগল প্লাস গত মাস থেকে ব্যবহারকারীদের গেমস খেলার সুযোগ দিতে চালু করে গেমিং জোন। আর এতে ফার্মভিলের আগে যুক্ত হয়েছে অ্যাংরি বার্ড, ড্রাগন এইজ লিজেন্ড, পোকার ইত্যাদি গেমস। গত জুলাইয়ে জিংগা চীনের জনপ্রিয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান টেনসিন্টের সঙ্গে মিলে গড়ে তোলে জিংগা সিটি। আর সেখান থেকেই চালু হওয়া সিটিভিলের চীনা সংস্করণ গত বছরের ডিসেম্বরে চালু হওয়ার পর ইংরেজি, জার্মান, ইতালিয়ান ও স্প্যানিশ ভাষায় খেলার সুবিধা চালু হয়।খেলাটিতে একজন ব্যবহারকারী নিজের স্বপ্নের শহর তৈরি করতে পারেন, যেখানে থাকে ব্যবসাপ্রতিষ্ঠান, বাসস্থান, পার্ক, নিজের জমি ইত্যাদি। পাশাপাশি থাকে নতুন বন্ধুদের ভার্চুয়ালভাবে ভাড়া দেওয়ার সুবিধা! সম্প্রতি বাজার গবেষণা প্রতিষ্ঠান অ্যাপ ডাটার তথ্য অনুযায়ী, যাত্রার শুরু থেকে বেশ জনপ্রিয়তা পাওয়া সিটিভিল গেমসের মাসিক ব্যবহারকারী প্রায় সাত কোটি দুই লাখ! মাত্র চার বছর আগে চালু হওয়া প্রতিষ্ঠানটির মতে, ‘আমরা আমাদের গেমস ব্যবহারকারীদের যেকোনো মাধ্যমে খেলার সুযোগ করে দিতে চাই এবং সেটা যেকোনো প্লাটফর্মেই হোক। ’—টাইমস অব ইন্ডিয়া