সিডিএর ওয়েবসাইট বেদখল হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ওয়েবসাইট (www.cda.gov.bd) গতকাল বুধবার সকালে বেদখল (হ্যাকড) হয়ে গিয়েছিল। বেদখল হওয়ার পর হ্যাকাররা সাইটটিতে আলজেরিয়ার পতাকার ছবি ও কিছু বার্তা লিখে রেখেছিল। এ কারণে সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা পর্যন্ত ওয়েবসাইট বন্ধ থাকে। তবে হ্যাকিংয়ের কারণে সাইটটির কোনো তথ্য (ডেটা) নষ্ট হয়নি। এ ব্যাপারে সিডিএর তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান মোস্তফা জামাল প্রথম আলোকে জানান, ‘সকাল সাড়ে নয়টার দিকে অফিসে এসে দেখি, আমাদের ওয়েবসাইটে ঢুকতে পারছি না। আমাদের লিংক পরিবর্তন হয়ে গেছে। এরপর আমরা লিংক বন্ধ করে দিই। প্রায় ঘণ্টা খানেক লেগেছে সাইটটি সচল করতে। তবে এতে আমাদের কোনো ডেটা নষ্ট হয়নি।’ সিডিএ সূত্রে জানা যায়, গতকাল সকালে সাইটটির লিংক বদলে গিয়ে ওয়েবপেজে আলজেরিয়ার একটি পতাকার ছবি ভেসে ওঠে। এর নিচে ইংরেজিতে লেখা ছিল ‘ইসলাম ইজ মাই রিলিজিয়ন’। এর ওপরে একটি ই-মেইল ([email protected]) ঠিকানা ছিল। এ ছাড়া আরও কিছু লেখা দেখা যায়। কিন্তু সেগুলো পড়ার বা বোঝার মতো ছিল না বলে জানান মোস্তফা জামাল। এরপরই ওয়েবপেজটি সাদা হয়ে যায়। সূত্রমতে, সিডিএর দুটি সার্ভার রয়েছে। এর একটিতে ব্যাকআপ থাকে। আর প্রতি তিন মিনিট পরপর আপডেট ডাটা ব্যাকআপে সংরক্ষণ করা হয়। ফলে কোনো ডেটা নষ্ট বা হারিয়ে যাওয়ার অবকাশ নেই বলে জানা গেছে।—নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম অফিস