
ফেলিক্স ক্রিভিন
কবি সিদোরকিন ছদ্মনাম ব্যবহার করে পাঠকদের মধ্যে একটি জরিপের ব্যবস্থা করলেন। লক্ষ্য—রুশ সাহিত্যে তাঁর নিজের স্থান যাচাই করা। পাঠকদের দেওয়া হলো এই কটি পদবি—পুশকিন, লেরমন্তভ, সিদোরকিন, এসেনিন ও মায়াকভস্কি। বলা হলো, তাঁদের দৃষ্টিতে অপ্রয়োজনীয় পদবিটি কেটে দিতে।
সবাই কেটে দিলেন ‘সিদোরকিন’।
অবিশ্বাস্য ব্যাপার! যেন পাঠকেরা পরস্পরের সঙ্গে চুক্তি করেছেন! কিন্তু বাস্তবে কোনো চুক্তি তাঁরা তো করেনইনি, উপরন্তু একজন পাঠকের সঙ্গে অন্যজনের পরিচয়ও নেই। অথচ এর পরও প্রত্যেকে—একেবারেই প্রত্যেকে— সিদোরকিনের পদবি কেটে দিয়েছেন!
রুশ সাহিত্যের প্রাচীন কবিদের বাদ দিয়ে নতুন একটা তালিকা তৈরি করলেন সিদোরকিন—ভজনেসেনস্কি, য়েভতুশেঙ্কো, রজদেসৎভেনস্কি, সিদোরকিন ও নিকোলাই দোরিজো। এবারও সবাই সিদোরকিনের নাম কেটে দিলেন।
তখন সিদোরকিন তালিকাটি বড় করার সিদ্ধান্ত নিলেন। এবার পাঠকদের কাছে উপস্থাপন করা হলো—পুশকিন, লেরমন্তভ, এসেনিন, মায়াকভস্কি, ত্যুৎকিন, ভজনেসেনস্কি, য়েভতুশেঙ্কো, রজদেসৎভেনস্কি, সিদোরকিন ও নিকোলাই দোরিজো। পাঠকদের বলা হলো অতিরিক্ত একটি পদবি কেটে দিতে।
এবার পাঠকদের ভেতরে দ্বিমত দেখা গেল। তাঁদের এক-তৃতীয়াংশ অনুসরণযোগ্য নিষ্ঠার সঙ্গে সিদোরকিনের নামটি অতিরিক্ত বলে মত প্রকাশ করলেন। বাকি দুই-তৃতীয়াংশ কেটে দিলেন অস্তিত্বহীন কবি ত্যুৎকিনের নাম।
তখন এ কথাটি লেখার সব হেতু ও যুক্তি পেয়ে গেলেন সিদোরকিন: পাঠকদের নিয়ে চালানো জরিপ অনুযায়ী, প্রায় ৭০ শতাংশ কবিতাপ্রেমী তাঁদের সবচেয়ে প্রিয় কবিদের তালিকায় পুশকিন, লেরমন্তভ, মায়াকভস্কি, সিদোরকিন ও অন্য কবিদের নাম উল্লেখ করেছেন।
সংকলন ও অনুবাদ: মাসুদ মাহমুদ
[email protected]