সিদ্ধান্ত নিতে ও বাস্তবায়নে ক্যামেরনের অ্যাপস
সরকারি সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জন্য দুই মাস ধরে আইপ্যাডের একটি অ্যাপ্লিকেশন (অ্যাপস) পরীক্ষামূলকভাবে ব্যবহার করছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। চাকরি, আবাসন ও অন্যান্য ক্ষেত্রের তথ্য জানার জন্য তিনি এই অ্যাপস ব্যবহার করছেন। এই অ্যাপস নির্বাচনসংক্রান্ত তথ্য পর্যবেক্ষণেও ব্যবহার করার চিন্তাভাবনা করছেন ক্যামেরন। এই অ্যাপসের মাধ্যমে প্রধানমন্ত্রী জানতে পারবেন তাঁর এবং তাঁর সরকার সম্পর্কে দেশ ও জনগণের মনোভাব। কেবিনেট কার্যালয় জানিয়েছে, এই অ্যাপস পর্যায়ক্রমে আরও উন্নত হবে। এই অ্যাপস তৈরি প্রকল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা জানিয়েছেন, ডেভিড ক্যামেরন আসন্ন জি৮ সম্মেলনে এই অ্যাপস সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে অবহিত করবেন। ‘নাম্বার ড্যাশবোর্ড’ নামের এই অ্যাপস তৈরি করেছে কেবিনেট কার্যালয়ের একটি ডিজিটাল টিম। তারা সার্চ ইঞ্জিন গুগলসহ কয়েক শ সূত্র থেকে তথ্য সংগ্রহ করছে। কেবিনেট কার্যালয়ের একটি সূত্র জানায়, এই অ্যাপস বর্তমানে ডেভিড ক্যামেরনের আইপ্যাডে রয়েছে। ক্যামেরন বর্তমানে নাম্বার ড্যাশবোর্ড ব্যবহার করছেন, এ ব্যাপারে প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং কী কী সংযোজন করা প্রয়োজন সে সম্পর্কে পরামর্শ দিচ্ছেন। শুধু এই অ্যাপস নয়, ডেভিড ক্যামেরন তাঁর আইপ্যাডে গেমসও খেলেন। তিনি অ্যাংরি বার্ডস ও ফ্রুটস নিনজা গেম বেশি খেলে থাকেন। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান