সিনেটে শুনানিতে হাজির হচ্ছেন অ্যাপল-গুগল-টুইটার প্রধান
ফেসবুক ও টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ও জ্যাক ডরসি মার্কিন সিনেট কমিটির সামনে হাজিরার বিষয়টি নিশ্চিত করেছেন। গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাইও কমিটির সামনে হাজির হতে পারেন বলে একটি সূত্র জানিয়েছে।
সিনেট কমিটির সামনে তিন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীকে হাজির করাতে গোপন ভোটের মাধ্যমে প্রস্তাব অনুমোদন পায়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
টুইটারের প্রধান নির্বাহী জ্যাক ডরসি গতকাল শুক্রবার এক টুইটে বলেছেন, ‘তাঁদের যে শুনানিতে ডাকা হচ্ছে, তা যেন গঠনমূলক এবং মার্কিন জনগণসংশ্লিষ্ট বিষয় হয়। মার্কিন নির্বাচন ঘিরে যেভাবে আমরা যৌথভাবে কাজ করতে পারি, সে বিষয় সংশ্লিষ্ট আলোচনা হতে হবে।’
সিনেট কমিটির সামনে তিন সিইওকে ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হতে হবে।
কমিউনিকেশনস ডিকেন্সি অ্যাক্টের ২৩০ ধারা পুনর্গঠনের আলোচনা ছাড়াও ওই শুনানিতে গ্রাহকের প্রাইভেসি ও মিডিয়া একীকরণ বিষয়ে আলোচনা হবে। ২৩০ ধারায় যা ব্যবহারকারীদের পোস্ট করা কনটেন্টের দায়বদ্ধতা থেকে ইন্টারনেট সংস্থাগুলোকে সুরক্ষা দেওয়ার বিষয়টি রয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই ২৩০ সেকশন পুনর্গঠনের জন্য চাপ দেওয়া হচ্ছে। তবে এ বছর কংগ্রেসের কাছ থেকে তা অনুমোদনের সম্ভাবনা কম।
গত সপ্তাহে ট্রাম্প নয়টি রিপাবলিক অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের সঙ্গে সেকশন ২৩০ নিয়ে আলোচনা করেন। বিচার বিভাগের পক্ষ থেকে ওই আইন সংশোধন করার আইনি প্রস্তাব দেওয়া হয়।
সম্প্রতি গুগল, ফেসবুক, অ্যাপল ও আমাজনের প্রধান নির্বাহীদের হাউস অব রিপ্রেজেনটেটিভের জুডিশিয়ারি কমিটির অ্যান্টি ট্রাস্ট প্যানেলে হাজিরা দিতে হয়েছে। এসব প্রতিষ্ঠান প্রতিদ্বন্দ্বীদের বেড়ে ওঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কি না, তার শুনানি হয়। আগামী সোমবার ওই প্রতিবেদন প্রকাশ হতে পারে।