সিবিট অস্ট্রেলিয়ায় বেসিস

সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি অলিম্পিক পার্কে অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ তথ্যপ্রযুক্তি মেলা ‘সিবিট অস্ট্রেলিয়া ২০১৫ ’। প্রথমবারের মতো এই মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) কয়েকটি সদস্য প্রতিষ্ঠান।
বেসিস সূত্র জানিয়েছে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় ‘সিবিট অস্ট্রেলিয়া ২০১৫ ’মেলায় বেসিসের সদস্য কোম্পানি বিয়ন্ড টেকনোলজিস, বিটস সলিউশন লিমিটেড, ডিভাইন আইটি লিমিটেড, ডাটাবিজ সফটওয়্যার লিমিটেড এবং সরকারের পক্ষ থেকে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ তাদের পণ্য ও সেবা প্রদর্শন করে। বেসিসের আরেক সদস্য কোম্পানি উইনটেল লিমিটেড দর্শনার্থী (ভিজিটর) হিসেবে মেলায় অংশগ্রহণ করেছে।
মেলায় অংশগ্রহণ সম্পর্কে বেসিসের সভাপতি শামীম আহসান বলেন, ইতিমধ্যে উত্তর আমেরিকা ও ইউরোপের বাজারে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের একটি ভালো অবস্থান তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার বাজারেও বাংলাদেশের আইটি খাতের বড় সম্ভাবনা রয়েছে। সে বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রথমবারের মতো সিবিট অস্ট্রেলায় অংশগ্রহণ করছে বেসিস।
শামীম আহসান আরও বলেন, অস্ট্রেলিয়ার বাজারে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের প্রচার ও প্রসার ঘটবে বলে আশা করছি।