সিবিট মেলা শেষ হচ্ছে আজ
পৃথিবীর সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি মেলা সিবিটের তৃতীয় দিন বৃহস্পতিবার জার্মানির হ্যানোভারের আবহাওয়া ছিল চমৎকার। ঝকঝকে নীল আকাশ, যা সাধারণত মার্চ মাসের প্রথম সপ্তাহে দেখা পাওয়া ভার, সেই চমৎকার আবহাওয়ার এই দিনে অতিথি আর প্রদর্শকদের ভিড়ে মেলা ছিল লোকে লোকারণ্য। বাংলাদেশ থকে আসা প্রযুক্তি ব্যবসায়ীরাও দিনটিতে ব্যস্ত থেকেছেন নিজেদের অভিজ্ঞতা বাড়ানোর কাজে। পাঁচ দিনের এ মেলা শেষ হবে আজ। সিবিট মেলায় সিবিট সিকিউরিটি ওয়ার্ল্ড ব্যানারে প্রদর্শিত হচ্ছে তথ্যপ্রযুক্তির নিরাপত্তামূলক প্রযুক্তি আর কৌশল। মেলার একটি বিশেষ জায়গায় ৩০০ প্রতিষ্ঠান প্রদর্শন করছে নিরাপত্তার নানা কিছু। ম্যাকাফি, অ্যাভিরাসহ বিশ্বের নানা নিরাপত্তা প্রতিষ্ঠান এখানে আছে। সেবিট মেলার চেয়ারম্যান ফ্রাঙ্ক পর্সম্যান বলেন, ‘অরক্ষিত প্রযুক্তি অবকাঠামো টেলিযোগাযোগ নেটওয়ার্ক বা ক্লাউড কম্পিউটিং ব্যবস্থা হ্যাক করে কীভাবে সম্পূর্ণ প্রতিষ্ঠানের পতন হতে পারে, তা আমরা অভিজ্ঞতা থেকে দেখেছি। তাই প্রয়োজন শক্ত নিরাপত্তাব্যবস্থা, যাতে প্রযুক্তি আতঙ্ক না ছড়িয়ে, আরও বিশ্বস্ততা অর্জন করা যায় নিরাপত্তার বিষয়ে।’অফিস চলবে, তবে কাগজপত্রের বালাই থাকবে না, পরিবেশবান্ধব ‘ম্যানেজমেন্ট অ্যান্ড প্রিন্টিং সলিউশন’ নিয়ে সিবিট মেলায় ৩ নম্বর হলে আছে ডেল, এপসন, স্যামসাং, কনিকা মিনোল্টা প্রভৃতি প্রতিষ্ঠান। প্রযুক্তি প্রকল্পে নাম, সিস্টেম প্রজেক্ট ১১৫। এটি মূলত সরকারের কাজ সহজ করেছে। জার্মানির প্রায় এক-তৃতীয়াংশ প্রশাসনিক কাজ হট লাইন ১১৫-এ কল করে সেরে ফেলা যায় এখন।বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সচিব এস এম এহসানুল কবীর সিবিট মেলায় বাংলাদেশ প্যাভিলিয়নের দায়িত্বে আছেন। জানালেন, সিবিটে তথ্যপ্রযুক্তি খাতকে আরও পরিচিত এবং এগিয়ে নেওয়ার জন্য সার্বিকভাবে চেষ্টা করছেন। সিবিট মেলায় নেদারল্যান্ডসভিত্তিক প্রতিষ্ঠান অ্যাপ্রোভিয়েডের সঙ্গে যৌথভাবে প্যাভিলিয়ন করেছেন। বাংলাদেশের প্রযুক্তি উদ্যোক্তা ফারহানা এ রহমান ও রাশেদ কামাল জানান, পুরোনো অভিজ্ঞতা আর যৌথ অংশীদারি নিয়ে এ মেলায় অংশগ্রহণ বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে আরও এগিয়ে নিয়ে যাবে। —সরাফ আহমেদ, হ্যানোভার (জার্মানি)