সিবিট মেলায় বাংলাদেশের উপস্থিতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মান সফটওয়্যার প্রতিষ্ঠান স্যাপের প্যাভিলিয়নে  আয়নার খেলা
জার্মান সফটওয়্যার প্রতিষ্ঠান স্যাপের প্যাভিলিয়নে আয়নার খেলা

জার্মানির হ্যানোভারে চলমান সিবিট মেলার এবারের মূল বিষয় বিগ ডেটা অ্যান্ড ডেটাবিলিটি। বাংলাদেশি প্রতিষ্ঠান ডেটাসফট সিস্টেমস এ বিষয়টি নিয়েই কাজ করছে। অর্থাৎ বিশালাকারের তথ্য-উপাত্ত নিয়ে কম্পিউটারে বিশ্লেষণ, সেসব থেকে নানা ধরনের গবেষণার ফলাফল তৈরি করার ব্যাপারে প্রতিষ্ঠানটির অভিজ্ঞতাও রয়েছে। সিবিটে কথা হলো, ডেটাসফটরে চেয়ারম্যান মাহবুব জামান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর মাহমুদের সঙ্গে। জানালেন, এবারের মেলার বিষয়টি নিয়ে তাঁদের কাজের অভিজ্ঞতা কিছুটা রয়েছে এবং এ-সংক্রান্ত আরও নতুন প্রযুক্তির সঙ্গে তাঁরা এখানে পরিচিত হচ্ছেন। কসোভো, আর্মেনিয়াসহ ইউরোপের কয়েকটি দেশে ডেটাসফটও কাজও করছে।

মেলায় বরাবরের মতো এবারও আছে বাংলাদেশ প্যাভিলিয়ন। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মুহাম্মদ মুয়াজ্জেম হোসেন ও মুহাম্মদ আকতারুজ্জামান বলেছেন এই মেলায় বাংলাদেশের নিয়মিত যোগদান, প্রযুক্তিবিশ্বে বাংলাদেশকে পরিচিত করে তুলছে।

এবারের মেলায় তথ্যপ্রযুক্তির প্রায় সব শাখার নতুন প্রযুক্তির সমাবেশ থাকলেও বিশেষ গুরুত্ব নিয়ে এসেছে মুঠোফোন, অ্যাপসযুক্ত স্মার্টফোন ইত্যাদি। সিবিট মেলার পাঁচ দিন ধরেই চলেছে প্রযুক্তিবিষয়ক নানা সম্মেলন, মেলার তৃতীয় দিন গতকাল বুধবার অ্যাপল কম্পিউটার ইনকরপোরেটেডের সহ-প্রতিষ্ঠাতা স্টিভেন ওয়াজনিয়াক প্রবন্ধ পড়েন। প্রবন্ধ উপস্থাপনের পর তিনি একজন দর্শককে অ্যাপল কম্পিউটার উপহার দেন।

আইবিএম ও ইনটেল মেলার বিশাল প্যাভিলিয়নে দেখাচ্ছে বাড়ির যাবতীয় ইলেকট্রনিকস গৃহস্থালির সামগ্রী কীভাবে একটি ছোট বাক্সের ভেতর থেকে স্মার্ট পদ্ধতিতে নিয়ন্ত্রণ করা যাবে। বাড়ির তাপমাত্রা, ফ্রিজ, টেলিভিশন, কফি মেশিন, দরজা-জানালার শাটার ইত্যাদি নিয়ন্ত্রণ করা যায়। এই দুই বিখ্যাত প্রতিষ্ঠান জানাচ্ছে ভবিষ্যতে তাদের এই ‘বিগ ডেটা স্মার্ট হোম’ প্রযুক্তি বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে উঠবে।