সিবিটে উজ্জ্বল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজুড়ে তথ্যপ্রযুক্তি-বিষয়ক নানা ধরনের ভিন্ন ভিন্ন মেলা হলেও বছর ঘুরে ঘুরে হ্যানোভারের সিবিট মেলাতেই হয়ে থাকে প্রযুক্তি আর আউটসোর্সিং-বিষয়ক বড় ধরনের যোগাযোগ আর লেনদেন। তাই সারা বিশ্বের তথ্যপ্রযুক্তির সাম্প্রতিক উন্নতি ও বাজার-ব্যবস্থার সম্প্রসারণ ও মূল্যায়নের জন্য এই মেলা সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। এবারও হ্যানোভারের সিবিট মেলার দ্বিতীয় ও তৃতীয় দিনে তার ব্যত্যয় ঘটেনি, বিশ্বের প্রযুক্তি ব্যবসায়ী আর বোদ্ধারা ভিড় জমিয়েছেন এক প্যাভিলিয়ন থেকে আরেক প্যাভিলিয়নে। গত মঙ্গলবার বাংলাদেশ থেকে আসা প্রতিনিধিদের সাবলীল উপস্থাপনা বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতকে বিশ্বের সামনে আরও উজ্জ্বল করে পরিচিত করেছে।

মঙ্গলবার মেলার দ্বিতীয় দিনে মেলার সহযোগী দেশ সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ইয়োহান নিকোলাস স্নাইডার এবং জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল মেলায় এসেছিলেন। তবে আঙ্গেলা ম্যার্কেল মেলায় প্রবেশের মুখে অন্য অভিজ্ঞতার সম্মুখীন হন, জার্মান চ্যান্সেলরের প্রটোকলের ও দেহরক্ষীদের সামনে হঠাৎ করে সোনালি চুলের এক শরণার্থী বালক দৌড়ে গিয়ে মানবিকতার নিদর্শনসহ একগোছা সাদা বেলুন চ্যান্সেলরের হাতে তুলে দেন। আঙ্গেলা ম্যার্কেল সিবিট মেলায় তাঁর ঐতিহ্য অনুযায়ী হেঁটে হেঁটে নানা প্যাভিলিয়নে গিয়ে উদ্যোক্তা ও প্রদর্শকদের সঙ্গে কথা বলেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপমন্ত্রী জুনাইদ আহমেদ মঙ্গলবার সিবিটে বাংলাদেশ থেকে অংশ নেওয়া প্রতিষ্ঠানের স্টলগুলো পরিদর্শন করেন। তাঁরা বাংলাদেশের প্রযুক্তি বিশেষজ্ঞ ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন।
সিবিটে প্রতিদিনই চলছে বিষয়ভিত্তিক সেমিনার। সজীব ওয়াজেদ জয় ৮ নম্বর হলের সেমিনার কেন্দ্রে বিভিন্ন দেশের উদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশে তথ্যপ্রযুক্তির বিকাশ ও উন্নয়নের ধারাবাহিকতার বর্ণনা দেন। এই খাতে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানের পরপরই দুটি বেতার ও টেলিভিশনে তাঁর সাক্ষাৎকার নেওয়া হয়।
সিবিট মেলা শেষ হবে আজ ১৮ মার্চ।
সরাফ আহমেদ, হ্যানোভার (জার্মানি) থেকে