সিবিটে ডিজিটাল অর্থনীতি গুরুত্ব পাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এলিমেন্টাল পাথের সহপ্রতিষ্ঠাতা জেপি বেনিনি দেখাচ্ছেন তাঁদের তৈরি সর্বশেষ ‘কগনিটয়’। এগুলো শিক্ষামূলক খেলনা। জার্মানির হ্যানোভারে সিবিট ২০১৫ মেলায় দেখানো হচ্ছে এ রকম দারুণ সব প্রযুক্তিপণ্য—এএফপি
এলিমেন্টাল পাথের সহপ্রতিষ্ঠাতা জেপি বেনিনি দেখাচ্ছেন তাঁদের তৈরি সর্বশেষ ‘কগনিটয়’। এগুলো শিক্ষামূলক খেলনা। জার্মানির হ্যানোভারে সিবিট ২০১৫ মেলায় দেখানো হচ্ছে এ রকম দারুণ সব প্রযুক্তিপণ্য—এএফপি

‘ডিকোনমি’ অর্থাৎ ডিজিটাল অর্থনীতিকে মূল বিষয় করে জার্মানির হ্যানোভারে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি মেলা ‘সিবিট-২০১৫’। তথ্যপ্রযুক্তি ব্যবসার নতুন পরিসর খোঁজার চেষ্টাও আছে এবারের মেলায়।
১৬ মার্চ হ্যানোভারে পাঁচ দিনের এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মানির সহকারী চ্যান্সেলর জিগমার গাব্রিয়েল ও চীনের ভাইস প্রাইম মিনিস্টার মা কেই। উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও সম্মেলনে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেছেন, অর্থনৈতিক উননয়নে তথ্যপ্রযুক্তির ক্রমপ্রসার বিশ্বকে আরও এগিয়ে নিয়ে যাবে। মানুষের সেবায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করতে মেলায় আসা সব উদ্যোক্তার প্রতি আহ্বান জানান তিনি।
গত কয়েক বছরে ডিজিটাল প্রযুক্তি অর্থনীতি, পরিকল্পনা ও সমাজ উন্নয়নে যেভাবে ভূমিকা রেখেছে, তাকে আরও সমন্বিত করে কীভাবে এগোনো যায়, তা নিয়ে মেলায় তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা আলোচনা করবেন। ‘ডিকোনমি’ শিরোনামে নানা দেশের প্রযুক্তি নির্মাতারা শিল্প, মোটর ব্যবসা, ডিকোনমি লেনদেন, ডিকোনমি লজিস্টিকস বিষয়ে প্রযুক্তি দেখাচ্ছেন।

১ লাখ ৭৫ হাজার বর্গমিটার জায়গাজুড়ে এবারের ৩১তম সিবিট মেলা চলছে ২৮টি বড় হলে। ৭৩টি দেশের ৩ হাজার ৪০০টি প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে। এবারে সিবিটের সহযোগী দেশ হলো চীন। চীন থেকে মেলায় যোগ দিচ্ছে ৬০০ প্রতিষ্ঠান। এবারও মেলায় বাংলাদেশের অংশগ্রহণ আছে।

এ মেলা চলবে ২০ মার্চ পর্যন্ত। —সরাফ আহমেদ, হ্যানোভার (জার্মানি) থেকে