সিম নিবন্ধনে মোবাইলকেন্দ্রিক অপরাধ কমবে: তারানা
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে মুঠোফোন সিম নিবন্ধন করায় মোবাইল ফোনকেন্দ্রিক অপরাধ কমে আসবে। আজ সোমবার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদ আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ স্বপ্ন নয় বাস্তবতা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
তারানা হালিম বলেন, ‘প্রাথমিক পর্যায়ে আমরা দেখেছিলাম, একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে ৬০ হাজার সিমের নিবন্ধনের ঘটনা ঘটেছিল। কিন্তু আমরা মনে করেছি, এ প্রক্রিয়ায় একটি শৃঙ্খলা আনা জরুরি। তাই আমরা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করেছিলাম। আমার বিশ্বাস, বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের কারণে অপরাধ কমে যাবে।’
প্রতিমন্ত্রী বলেন, ‘১১ কোটি ৬০ লাখ সিম ও রিম নিবন্ধন সহজ কথা নয়। আমরা দিন-রাত পরিশ্রম করেছি। সব সমালোচনাকে কাঁধে নিয়েই আমরা এগিয়ে গেছি। শুধু এ কথাটি চিন্তা করে, সত্যের জয় হবেই। কারণ, যখন মানুষ সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করে, তখন সে বিজয়ী হয়। তাই ১১ কোটি ৬০ লাখ মানুষের সমর্থন এটাই প্রমাণ করে, সত্য আবারও বিজয়ী হয়েছে। সৎ উদ্যোগের সঙ্গে সব সময় জনগণ থাকে।’
ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দাবি করেছেন তাঁর মোবাইল নেই। এখন তিনি যদি নতুন করে সিম কেনেন তাহলে তাঁকে ভ্যাট-ট্যাক্স ও বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন করে কিনতে হবে। যেখানে দেশের ১১ কোটি ৬০ লাখ মানুষ বায়োমেট্রিক পদ্ধতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিবন্ধন করেছেন, সেখানে একটি দলের চেয়ারপারসন নিয়মটি পালন করবেন না, সেটা জনগণের জন্য দুঃখজনক।
সাইবার সিকিউরিটির জন্য সেন্ট্রাল সিকিউরিটি ইউনিট প্রয়োজন উল্লেখ করে তারানা হালিম বলেন, ‘আমরা আইএসপির কাছ থেকে গ্রাহক পর্যায়ের তথ্য সংগ্রহ করছি। প্রতি সপ্তাহে সেই তথ্য আপডেট করছি। মাইক্রোসফটের সঙ্গে আমাদের কথা হয়েছে এবং গুগলের সঙ্গে আমাদের কথা হয়েছে—কোনো সাইবার অ্যাটাকের আশঙ্কা থাকলে তারা আমাদের জানাবে বলে আশ্বস্ত করেছে।’
প্রচার ও প্রকাশনা উপপরিষদের চেয়ারম্যান এইচ টি ইমামের সভাপতিত্বে সেমিনারে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার।