সিমবিয়ানের সঙ্গে নকিয়ার সম্পর্ক ছিন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিমবিয়াননির্ভর স্মার্টফোন
সিমবিয়াননির্ভর স্মার্টফোন

মাইক্রোসফটের অধীনে মোবাইল ব্যবসা বিক্রির পর অবশেষে আনুষ্ঠানিকভাবে সিমবিয়ান অপারেটিং সিস্টেমের সঙ্গে সম্পর্ক ছিন্ন হল নকিয়ার। সিমবিয়ান ওএস ও মিগো অ্যাপসের জন্য সব ধরনের সমর্থন বন্ধ করে দিল নকিয়া। মাইক্রোসফটের উইন্ডোজ ফোন প্ল্যাটফর্মকে প্রাধান্য দিতেই সিমবিয়ানকে পর করল ফিনল্যান্ডের প্রতিষ্ঠানটি।

সিমবিয়ান দলের সদস্যরা টুইটারে সিমবিয়ান ও মিগো অ্যাপসের জন্য সমর্থন বন্ধ করার ঘোষণা দিয়েছেন। তাঁরা টুইটে জানিয়েছেন, ‘এখানেই শেষ হল। আমরা আনুষ্ঠানিকভাবে সমর্থন বন্ধ করে দিলাম। বিগত বছরগুলোর জন্য সবাইকে ধন্যবাদ’।

২০১০-১১ সালের দিকে নকিয়া-ইনটেলের মিগো সফটওয়্যার আর সিমবিয়ান অপারেটিং সিস্টেমের স্মার্টফোন তৈরি করত নকিয়া। উইন্ডোজ অপারেটিং সিস্টেম-নির্ভর স্মার্টফোন তৈরির কারণে সিমবিয়ান ও মিগো সফটওয়্যার প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।

গত বছরের অক্টোবরে মাইক্রোসফটের সঙ্গে নকিয়ার চুক্তির পর নকিয়া তাদের ডেভেলপার ব্লগে জানিয়েছিল, নকিয়া স্টোর থেকে সিমবিয়ান ও মিগোর কনটেন্ট ডাউনলোড করা যাবে কিন্তু ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে এই প্ল্যাটফর্মে নতুন কোনো কনটেন্ট প্রকাশ করা যাবে না।

নকিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, নকিয়া তাদের ফিচার ফোন আশা সিরিজ ও উইন্ডোজ প্ল্যাটফর্মকে এখন থেকে গুরুত্ব দেবে।

প্রযুক্তি-বিশ্লেষকেরা বলছেন, নকিয়ার এই পদক্ষেপের মাধ্যমেই পুরোনো সফটওয়্যার প্ল্যাটফর্মের সঙ্গে একেবারেই সম্পর্ক টুটে গেল নকিয়ার। সিমবিয়ানকে চিরতরে বিদায় জানিয়ে দিল একসময়ের সিমবিয়ান স্মার্টফোন নির্মাতা হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি।