সিমানটেকের বেহাত সোর্স কোড ফাঁস!
অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান সিমানটেকের বেহাত হয়ে যাওয়া সোর্স কোড ফাঁস করে দিয়েছে এক হ্যাকার। ৫০ হাজার ডলারে বনিবনা না হওয়ায় হ্যাকার মঙ্গলবার পিসিএনিহয়্যারের সোর্স কোড ফাঁস করে দিয়েছে বলেই বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। কম্পিউটার নিরাপত্তা-প্রতিষ্ঠান সিমানটেকের সোর্স কোডের তথ্য হাতিয়ে নেওয়ার পর তথ্য ফাঁস না করার শর্তে ‘ইয়ামা টাফ’ নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার ডলার দাবি করা হয়। সোমবার এ তথ্য প্রকাশ পাওয়ার পরদিনই সোর্স কোড ফাঁস করে দিয়েছে হ্যাকার।সোর্স কোড ফাঁস করা হলেও সিমানটেকের পণ্য ব্যবহারকারীর কোনো আশঙ্কা নেই এমন তথ্য জানিয়েছে সিমানটেক কর্তৃপক্ষ। প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, আশঙ্কার বিষয়টি হচ্ছে সোর্স কোড ব্যবহার করে সিমানটেকের অ্যান্টিভাইরাস রয়েছে এমন কম্পিউটারের তথ্য হাতিয়ে নিতে পারে কোনো কুচক্রী।ইয়ামাটাফের বক্তব্য হলো, তিনি সোর্স কোড প্রকাশ করতে চেয়েছেন সব সময়। তিনি ‘ঘুষ’ নিতে চাননি। এদিকে সিমানটেকের বক্তব্য, ইয়ামা টাফের সঙ্গে সিমানটেকের কর্মকর্তার পরিচয়ে ই-মেইলে যোগাযোগ করেছিলেন আইন প্রয়োগকারী সংস্থার এক কর্মকর্তা। মেইল চালাচালির একপর্যায়ে এ অর্থ দাবির প্রসঙ্গটি এসেছিল। কোনো অর্থ ছাড় করা হয়নি।১৮ জানুয়ারি সোর্স কোড চুরির কথা স্বীকার করে সিমানটেক কর্তৃপক্ষ। এরপর পিসিএনিহয়্যার ব্যবহার বন্ধ করার পরামর্শ দেওয়া হয়। ২৩ ও ২৭ জানুয়ারি একাধিক নিরাপত্তা প্যাঁচ আনার পর সিমানটেক পিসিএনিহয়্যার এবং অন্যান্য পণ্য নিরাপদ ঘোষণা করেছিল।