সিম্ফনির জেড ফাইভ স্মার্টফোন এখন বাজারে
জেড ফাইভ মডেলের নতুন স্মার্টফোন বাজারে নিয়ে এল সিম্ফনি। সোমবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে সিম্ফনির দোকানে (ফ্ল্যাগশিপ আউলেটে) স্মার্টফোনটি বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। এ সময় সিম্ফনির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শাহিদ বলেন, ‘সিম্ফনি এই প্রথমবার একটি ফোন প্রস্তুত করল, যা ক্রেতাদের চাহিদা অনুযায়ী। বিভিন্ন সময় ক্রেতারা যেসব চাহিদার কথা বলেছেন, তা বিবেচনা করেই এটি তৈরি করা হয়েছে।’
এ স্মার্টফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা, রয়েছে ২ মেগা পিক্সেল সামনের ক্যামেরা। বাইরের চাপ ও দাগ থেকে রক্ষা করতে আছে ড্রাগনট্রেইল কাচের ৫ ইঞ্চি আইপিএস এইচডি ডিসপ্লে। এতে আছে ২ গিগাবাইট র্যা ম ও ১৬ গিগাবাইট রম (রিড অনলি মেমোরি)। পেছনেও আছে গরিলা গ্লাস ৩। ৪.৪.২ কিটক্যাট অপারেটিং সিস্টেমে চলবে এটি। এতে আছে ১.৪ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর। স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে ১৪ হাজার ৯৯০ টাকায়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিম্ফনির জ্যেষ্ঠ পরিচালক রেজওয়ানুল হক, বিপণনপ্রধান আশরাফুল হকসহ অনেকে। —রাহিতুল ইসলাম