সিম্ফনির নতুন দুটি স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন দুটি হ্যান্ডসেটসহ মোট পাঁচটি স্মার্টফোন নিয়ে বাজারে এসেছে সিম্ফনির স্মার্টফোন এক্সপ্লোরার সিরিজ। গত বৃহস্পতিবার নতুন এ সিরিজের আত্মপ্রকাশ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সিরিজটির মোড়ক উন্মোচন করেন সিম্ফনির চেয়ারম্যান আমিনুর রশিদ ও চিপসেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান মিডিয়াটেকের পরিচালক পি এইচ লুও। অনুষ্ঠানে একই সঙ্গে মিডিয়াটেকের পক্ষ থেকে সিম্ফনিকে ‘এক্সিলেন্স ইন মোবাইল হ্যান্ডসেট অ্যান্ড বেস্ট পার্টনার ২০১২’ পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিম্ফনির ব্যবস্থাপনা পরিচালক জাকারিয়া শহিদ, বিপণন প্রধান মো. রফিক উদ্দিনসহ আরও অনেকে। সিম্ফনির পরিচালক রেজোয়ানুল হক বলেন, হ্যান্ডসেটগুলোর দাম নির্ধারণের ক্ষেত্রে সব ধরনের গ্রাহকের কথা চিন্তা করা হয়েছে। আর এগুলোর নকশা ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, দ্রুতগতির প্রসেসর, জিপিআরএস, এজ, ওয়াইফাই ডেটা সিস্টেম ও বৃহৎ টাচস্ক্রিনের মতো সুবিধাগুলো ক্রেতাদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এ সিরিজের মডেলগুলো হলো ডব্লিউ১০, ডব্লিউ২৫, ডব্লিউ৫০ এবং ডব্লিউ৫ ও ডব্লিউ ১০০। এ স্মার্টফোনগুলোর দাম যথাক্রমে ৭ হাজার ৪৯০ টাকা, ৯ হাজার ৪৫০ টাকা, ১০ হাজার ৯৯০ টাকা। সিরিজের সবগুলো সেটেই বিনামূল্যে থাকছে ৪ গিগাবাইট মেমোরিকার্ড। ডব্লিউ৫ ও ডব্লিউ১০০ মডেল দুটি আগামী মাসের মাঝামাঝি বাজারে আসবে বলে জানা গেছে। —জিয়াউর রহমান চৌধুরী