সিরিজ সাইবার হামলার ঘটনা উদ্ঘাটন
যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশেষজ্ঞরা জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন দেশের ৭২টি প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্কে সিরিজ সাইবার হামলার ঘটনা উদ্ঘাটন করেছেন। এ পর্যন্ত সংঘটিত এটাই সবচেয়ে বড় সিরিজ সাইবার হামলা। মার্কিন তথ্যপ্রযুক্তি নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকআফি এ হামলার ঘটনা উদ্ঘাটন করে। প্রতিষ্ঠানটি গতকাল বুধবার ১৪ পৃষ্ঠার এক প্রতিবেদনে জানায়, পাঁচ বছর ধরে এ সিরিজ সাইবার হামলা ঘটেছে। ২০০৬ সালের মাঝামাঝি থেকে এ হামলার শুরু। গত মাসেও বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। যুক্তরাষ্ট্র, তাইওয়ান, ভারত, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, কানাডা, দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্কে হামলা চালানো হয়েছে। ম্যাকআফি জানায়, জেনেভায় জাতিসংঘের কার্যালয়ের কম্পিউটার নেটওয়ার্কের নিরাপত্তা ২০০৮ সালে ভেঙে ফেলে হ্যাকাররা। তখন থেকে তিন বছর ধরে অবাধে প্রচুর গোপন তথ্য চুরি হয়। ম্যাকআফি জানায়, তাদের ধারণা, এ হামলার পেছনে কোনো একটি রাষ্ট্র ভূমিকা পালন করেছে। তবে কোনো রাষ্ট্রের নাম উল্লেখ করেনি ম্যাকআফি। তবে সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের নিরাপত্তা বিশেষজ্ঞ জিম লুইস বলেছেন, আনুষঙ্গিক তথ্যপ্রমাণ বিশ্লেষণ করে যা পাওয়া গেছে, তাতে চীনকেই সন্দেহ করা হচ্ছে। ম্যাকআফির ভাইস প্রেসিডেন্ট দিমিত্রি আলপেত্রোভিচ বলেন, ‘এতগুলো প্রতিষ্ঠানের কম্পিউটার নেটওয়ার্কে সিরিজ সাইবার হামলার ঘটনায় আমরা বিস্মিত। চুরি যাওয়া তথ্য নিয়ে কী করা হচ্ছে, তা একটি বিরাট প্রশ্ন।’ এর একাংশও যদি কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হয়, তাহলে তা বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে বলে সতর্ক করেন তিনি। —রয়টার্স অবলম্বনে রোকেয়া রহমান