আফসোস, সিরিয়াল নিয়ে দুষ্টমতি মানুষজন নির্দয়ভাবে ঠাট্টা-মশকরা করে। বলে শুধু পচা পচা কথা। সিরিয়াল দেখে দেখে এই হয় রে, সেই হয় রে—আরও কত কী! বি পজিটিভ, ম্যান! নিয়ম করে সিরিয়াল দেখার মধ্যেও আছে অনেক ইতিবাচক দিক।

যাঁরা দুর্বল চিত্তের অধিকারী, অল্পতেই বুক ধড়ফড় করে, মন কেমন কেমন করে, তাঁরা নিয়মিত সিরিয়ালের ‘বিনা মেঘে বজ্রপাতের’ ঘটনাগুলো দেখে অল্পদিনেই সবল, শক্তিশালী, দুর্ধর্ষ চিত্তসম্পন্ন হতে পারেন।
দুশ্চিন্তার কিছু নেই। আমি কিছু সিরিয়ালের নাম লিখে দিচ্ছি। সকাল-দুপুর-রাত—তিন বেলা নিয়মিত দেখবেন। তবে বজ্রপাতের সময় একটু সাবধানে থাকবেন!
খালি পেটে দেখব, না ভরা পেটে, স্যার?
যাঁরা সিধা কিসিমের, সংসারের জটিলতা কুটিলতা বোঝেন না, সিরিয়াল দেখে তাঁরা ‘সঙ’সার-সম্পর্কিত যাবতীয় জ্ঞান অর্জন করতে পারেন।
কী আর বলব, আপা। আমার বউটা এমন হ্যাবলা! সংসারের প্যাঁচগোছ কিচ্ছু বুঝে না।
প্রথম প্রথম আমাদের বউটাও এমন ছিল, আপা। পরে আমার বড় মেয়ে পরামর্শ দিল, ‘আম্মা, ভাবিকে সিরিয়াল দেখান নিয়মিত।’ এখন তো সে আমার চেয়েও ওস্তাদ!
আপনার সবকিছুতেই খুব তাড়াহুড়ো? ‘ধর তক্তা, মার পেরেক’ টাইপ অবস্থা? অধ্যবসায়ের গুণ অর্জনের জন্য চোখের সামনেই পাচ্ছেন সিরিয়াল।
কাম অন বাডি। এত অল্পতেই হতাশ হলে চলে? সিরিয়ালগুলাতে দেখিস না, একটা সফল প্যাঁচ লাগানোর জন্য এপিসোডের পর এপিসোড কত কী করতে হয়!
যাঁরা দেশের আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রতার চৌদ্দগুষ্টি উদ্ধার করেন, সিরিয়ালের দীর্ঘসূত্রতা দেখে তাঁরা মানসিক প্রশান্তি লাভ করতে পারেন।
আচ্ছা দাদু, তোমার বয়স কত?
কত আর হবে। তোমরা যে ‘খোঁজে না সে খোঁজে না’ সিরিয়ালটা দেখো, তার একটু কম। আমার মায়ের কাছ থেকে শুনেছি, সিরিয়ালের ৩৯তম এপিসোডের দিন আমার জন্ম।
উথালপাতাল ভাবাভাবি করেও ক্রাশকে প্রপোজ করার কোনো উপযুক্ত উপায় খুঁজে পাচ্ছেন না? সিরিয়ালের সাহায্য নিন। আলবত পাবেন।
দোস, সানজিদা মেয়েটারে খুব ভাল্লাগছে। ক্যামনে কী করি, বল তো।
কোন স্টাইল বাতলামু? বাংলা সিনেমা, না সিরিয়াল?