সিরিয়াস স‍্যাম ৪: অজানা ভয়ংকর শত্রুর বিরুদ্ধে যুদ্ধ

সিরিয়াস স‍্যাম ৪ছবি : সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকট শব্দে চারপাশ থেকে আক্রমণ করতে এগিয়ে আসছে ভয়ংকর শত্রু। ভয় পেলে চলবে না, নিজেকে রক্ষা করার পাশাপাশি শত্রুকে ধ্বংস করার জন‍্য সঠিক সময়ে চালাতে হবে অস্ত্র। খুঁজে বের করতে হবে তাদের সবচেয়ে দুর্বল জায়গা । প্রয়োজনে বোমা বা গ্রেনেডও মারতে হবে। এমনি এক যুদ্ধের ময়দানে বাঁচা-মরার লড়াইয়ে নামতে হবে ‘সিরিয়াস স‍্যাম ৪’ গেমটিতে।

সিরিয়াস স‍্যাম ৪
ছবি : সংগৃহীত

গেমের শুরুতেই কাল্পনিক এক পৃথিবীর দেখা মিলবে, যেখানে অজানা শত্রু হামলা চালিয়ে সব মানুষকে মেরে ফেলেছে। তাদের আক্রমণে পৃথিবীও ধ্বংসের মুখোমুখি। সেই শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে স‍্যামকে। স‍্যাম হলো এই গেমের মূল চরিত্র বা নায়ক। স‍্যাম ছাড়াও গেমটিতে হেলফায়ার, ক‍্যানি, ফাদার মিখাইলসহ বেশি কিছু চরিত্রের দেখা মিলবে।

গেমটির পরিবেশ অনেকটা ব‍্যাটেল রয়েল গেমের মতোই। বেশ বড় এলাকাজুড়ে স‍্যাম ঘুরে বেড়াবে। রয়েছে বিভিন্ন স্থাপনা, ভবন, নদী ইত‍্যাদি। গেম খেলার সময় আবহাওয়াতেও আসবে পরিবর্তন। ফলে দিনরাত বা ঝড়বৃষ্টিতেও শত্রুর মোকাবিলা করতে হবে।

সিরিয়াস স‍্যাম ৪
ছবি : সংগৃহীত

শত্রুর চেহারা ও আচরণ দেখে ভৌতিক বা জম্বি গেমের চরিত্র বলে মনে হতে পারে। তবে ভৌতিক গেমগুলো সাধারণত একটু ধীরগতির হলেও এই গেমটির কাহিনি বেশ দ্রুত। আর তাই গেমারকে খুব দ্রুত নড়াচড়া করে অস্ত্র চালাতে হবে। গেমটিতে ভিন্ন চেহারা ও অবয়বে শত্রুদের দেখা মিলবে। তাদের দুর্বলতাও ভিন্ন, তাই শত্রুর ধরন বুঝে দ্রুত প্রয়োজনীয় অস্ত্র নিয়ে তাদের আক্রমণ করতে হবে। ব্যর্থ হলেই সর্বনাশ, শত্রুর আক্রমণ ঠেকাতে বেশ বেগ পেতে হবে।

গেমটিতে মোট ১৫টি মিশন রয়েছে। মিশনগুলো খুব বেশি বড় নয়। মাঝপথে হঠাৎ খেলা বন্ধ করার জন্য গেমটিতে রয়েছে কুইক সেভ অপশন। এ ছাড়া স্বয়ংক্রিয় সেভ সুবিধাও রয়েছে। ফলে খেলার সময় হঠাৎ কম্পিউটার বন্ধ হয়ে গেলেও সমস্যা নেই। পরে সবশেষ মিশন থেকেই গেম শুরু হবে।

গেমটিতে স‍্যামের সব সময়ের সঙ্গী একটি পিস্তল ও ছুরি। এ ছাড়া স্লাইপার ও শটগানের মতো বিভিন্ন অস্ত্র নিয়ে শত্রুর মোকাবিলা করতে পারে স‍্যাম। তবে স‍্যামের সবচেয়ে বড় গুণ হলো, সে একই সময়ে দুটি অস্ত্র দিয়ে দুই দিকে শত্রুর ওপর গুলি চালাতে পারে। ফলে শত্রুরা সহজেই পেরে ওঠে না। তবে শত্রুদের থেকে এগিয়ে থাকতে নিত‍্যনতুন অস্ত্র সংগ্রহ করতে হবে স্যামকে। কারণ, বিভিন্ন স্থানে অস্ত্রগুলো ছড়িয়ে-ছিটিয়ে রাখা রয়েছে। এ জন্য শত্রুর ওপর হামলা চালানোর সময়ই ঘুরে ঘুরে নতুন অস্ত্র সংগ্রহ করতে হবে।

গেমটিতে বন্দুক বা রকেট হাতে বিশালাকার মানুষের আদলে তৈরি শত্রুদের দেখা মিলবে । অনেক শত্রু দেখতে বড় আকৃতির বিভিন্ন প্রাণীর মতো। সেগুলো আগুনের গোলা কিংবা তৈলাক্ত পদার্থ ছুড়ে মারবে। অনেক সময় ৩০ থেকে ৪০ শত্রু একসঙ্গে আক্রমণ করে স‍্যামকে ঘিরে ফেলতে পারে। ফলে, একসঙ্গে সব শত্রু মারতে মারতে অনেক গেমার ক্লান্ত হয়ে যেতে পারেন। উন্নত গ্রাফিকসের সমন্বয়ে তৈরি গেমটি অ্যাকশনপ্রেমীদের পছন্দ হবে বলা যায়।

সিরিয়াস স‍্যাম ৪
ছবি : সংগৃহীত

খেলার জন‍্য কম্পিউটারে যা লাগবে:

অপারেটিং সিস্টেম: ৬৪ বিটের উইন্ডোজ ১০

প্রসেসর: ৪ কোর সিপিইউ

র‍্যাম: ৮ গিগাবাইট

গ্রাফিকস: এনভিডিয়া জিফোরস ৭৮০/৯৭০/১০৫০ কিংবা এএমডি র‍েডন ৭৯৫০/২৮০/৪৭০(৩ গিগাবাইট ভির‍্যাম)

ধারণক্ষমতা : ৪২ গিগাবাইট