সিলিকন ভ্যালিতে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে ওবামা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা সম্প্রতি সে দেশের শীর্ষস্থানীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। সিলিকন ভ্যালিতে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, অ্যাপলের স্টিভ জবস ও গুগলের এরিক স্কিমিড। এ ছাড়া টুইটার, ইয়াহু ও ওরাকলের প্রধানেরাও বৈঠকে অংশ নেন। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দেশের অর্থনৈতিক মন্দার সময় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মতামত ও দৃষ্টিভঙ্গি জানার জন্য বারাক ওবামা এ বৈঠকের আয়োজন করেন। বৈঠকে তিনি বলেন, ‘দেশের এই মন্দার সময়ে আমি চাই, ব্যবসায়ীরা বেশি বেশি করে বিনিয়োগ করুক। তা না হলে মন্দা কাটানো খুব কঠিন হয়ে পড়বে।’ অসুস্থতা সত্ত্বেও অ্যাপলের প্রধান স্টিভ জবস বৈঠকে যোগ দেওয়ায় প্রেসিডেন্ট ওবামা তাঁকে ধন্যবাদ জানান। স্টিভ জবস ক্যানসারে ভুগছেন। তিনি বর্তমানে অসুস্থতাকালীন ছুটিতে রয়েছেন। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান