সিলিকন ভ্যালির টাই ৫০-এ অংশ নেবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসিসের সভাপতি শামীম আহসান সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে টাই গ্লোবাল সদর দপ্তরে টাই সিলিকন ভ্যালির সভাপতি ভেনক শুকলার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ছবি: বেসিসের সৌজন্যে
বেসিসের সভাপতি শামীম আহসান সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে টাই গ্লোবাল সদর দপ্তরে টাই সিলিকন ভ্যালির সভাপতি ভেনক শুকলার সঙ্গে সাক্ষাৎ করেছেন। ছবি: বেসিসের সৌজন্যে

‘টাই ৫০’ নামের দ্য ইন্দাস এন্টারপ্রেনার্স বা টাইয়ের (টিআইই) বার্ষিক অ্যাওয়ার্ড প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এতে বিজয়ী হলে সিলিকন ভ্যালির বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো থেকে বাংলাদেশ বিনিয়োগ পাওয়ার জন্য বিবেচিত হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সূত্রে এ তথ্য জানা গেছে।

বেসিস জানিয়েছে, প্রতিষ্ঠানটির সভাপতি শামীম আহসান সম্প্রতি ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে টাই গ্লোবাল সদর দপ্তরে টাই সিলিকন ভ্যালির সভাপতি ভেনক শুকলার সঙ্গে সাক্ষাৎ করেছেন। টাইয়ের বার্ষিক অ্যাওয়ার্ড প্রোগ্রামে বাংলাদেশের অংশগ্রহণ করার সুযোগ হয়েছে বলে জানিয়েছেন বেসিসের সভাপতি। এ সময় আরও উপস্থিত ছিলেন টাই সিলিকন ভ্যালির নির্বাহী পরিচালক রাজ দেশাই ও বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক রামেশ ক্রিশান।

বেসিস সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে টাই সিলিকন ভ্যালি ও বেসিস সদস্য কোম্পানিগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় টাই সিলিকন ভ্যালির সভাপতি বেসিস সভাপতিকে আগামী ‘টাইকন ২০১৫’-তে বাণিজ্যিক প্রতিনিধিদলসহ সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। বেসিস সভাপতি টাই সিলিকন ভ্যালির সদস্যদের বাংলাদেশ সফরে আসার মাধ্যমে বিনিয়োগ ও আউটসোর্সিংয়ের সম্ভাবনা খুঁজে দেখার আমন্ত্রণ জানান। টাই সিলিকন ভ্যালির সভাপতি বেসিস সভাপতির এই আমন্ত্রণ গ্রহণ করেন এবং শিগগিরই বাংলাদেশে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।

টাই সিলিকন ভ্যালির পক্ষ থেকে জানানো হয়েছে, টাইয়ের বার্ষিক অ্যাওয়ার্ড প্রোগ্রাম টাই ৫০-এ বেসিসের মাধ্যমে বাংলাদেশি কোম্পানিগুলো অংশ নিতে পারবে। প্রতিবছর বিশ্বের কয়েক হাজার তথ্যপ্রযুক্তিনির্ভর স্টার্ট-আপ প্রতিষ্ঠান এই অ্যাওয়ার্ড প্রোগ্রামে অংশ নেয়। উদ্যোক্তাদের নিয়ে বিশ্বের সবচেয়ে বৃহত্তম সম্মেলন টাইকনে (টাই কনফারেন্স) বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

বেসিস জানিয়েছে, বেসিস সদস্য কোম্পানিরা যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রম পরিচালনার জন্য টাই সিলিকন ভ্যালি ইনকিউবেটরে একটি অফিস নিতে পারবে। এর মাধ্যমে তারা সিলিকন ভ্যালির সফল উদ্যোক্তা ও বিনিয়োগকারী প্রতিষ্ঠানের পরামর্শ গ্রহণ করার সুযোগ পাবে।