সিলেট, কুমিল্লা ও চাঁদপুরে হলো ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় জেলা প্রশাসন ও অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের উদ্যোগে সিলেট, কুমিল্লা ও চাঁদপুরে অনুষ্ঠিত হলো ডিজিটাল উদ্ভাবনী মেলা। এসব মেলায় তথ্যপ্রযুক্তিভিত্তিক সরকারি সেবা প্রদর্শন করা হয়। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণও ছিল।
সিলেটে ২১ মার্স শেষ হয় তিন দিনের ডিজিটাল মেলা। নগরের রিকাবীবাজার এলাকার জেলা স্টেডিয়ামসংলগ্ন মোহাম্মদ আলী জিমনেসিয়ামে মেলার সমাপনী অনুষ্ঠান হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। এ সময় ‘স্টুডেন্ট ইনোভেশন ক্যাম্প’ প্রতিযোগিতায় বিজয়ী বিজন শর্মা ও তাঁর দল এবং পার্থ সারথি কর ও তাঁর দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
২১ থেকে ২৩ মার্চ কুমিল্লায় অনুষ্ঠিত হয় ডিজিটাল উদ্ভাবনী মেলা। জেলা শিল্পকলা একাডেমীতে মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। তিনি বলেন, তথ্যপ্রযুক্তির মাধ্যমে জনগণ নিজ বাড়িতে বসেই তথ্য পাচ্ছে। কুমিলার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। পরে জেলা তথ্য অফিসের পরিবেশনায় ডিজিটাল বাংলাদেশবিষয়ক নাটক স্বপ্নের ফেরিওয়ালা প্রদর্শন করা হয়।
চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে পাঁচ দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা। ১৮ মার্চ সকালে চাঁদপুর ষ্টেডিয়ামের ভিআইপি প্যাভিলিয়ন মিলনায়তনে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইসমাইল হোসেন। ২২ মার্চ এ মেলা শেষ হয়েছে।
সিলেট ও কুমিল্লা অফিস এবং চাঁদপুর প্রতিনিধি