সিলেট গণগ্রন্থাগারে ইন্টারনেট কর্নার চালু
সিলেটের বিভাগীয় গণগ্রন্থাগারে ‘রবি ইন্টারনেট কর্নার’ চালু হয়েছে। এখানে পাঠকেরা বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। গতকাল বৃহস্পতিবার সকালে কর্নারের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। এ সময় তিনি বলেন, ‘সিলেট গণগ্রন্থাগারে বই পড়তে আসা শিক্ষক, শিক্ষার্থী, সাহিত্যিক ও সাধারণ মানুষ এখন থেকে বিনা মূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। এতে করে তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে তাঁরা সামনে এগিয়ে যেতে পারবেন।’অনুষ্ঠানে জানানো হয়, সরকারের গণগ্রন্থাগার অধিদপ্তরের সঙ্গে মুঠোফোন সংযোগদাতা প্রতিষ্ঠান রবির সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির (সিএসআর) অংশ হিসেবে ইন্টারনেট কর্নার স্থাপন করছে। সাতটি বিভাগীয় গণগ্রন্থাগারে এ রকম ইন্টারনেট কর্নার চালু হবে।উদ্বোধনী অনুষ্ঠানে সিলেটের পুলিশ কমিশনার অমূল্যভূষণ বড়ুয়া, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) অধিনায়ক সৈয়দ অনঘ, রবির ভাইস প্রেসিডেন্ট (সিএসআর অ্যান্ড স্পন্সরশিপ) সেগুফতা ইয়াসমিন সামাদ, ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন) আরিফ এম মোসলেহউদ্দিন, সিলেট গণগ্রন্থাগারের প্রধান গ্রন্থাগারিক মো. আবু সাঈদসহ অনেকে উপস্থিত ছিলেন। —নিজস্ব প্রতিবেদক, সিলেট