সিলেট প্রকৌশল কলেজে মুক্ত সফটওয়্যারের সেমিনার
সম্প্রতি সিলেট প্রকৌশল কলেজে ওপেন সোর্স নেটওয়ার্কের (এসইসিওএসএন) মুক্ত সফটওয়্যার-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে মুক্ত সফটওয়্যারের ব্যবহার বাড়ানো এবং বিভিন্ন ধরনের মুক্ত সফটওয়্যারের বিষয় নিয়ে আলোচনা করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান।সেমিনারে বলা হয়, মুক্ত সফটওয়্যারের ব্যাপক ব্যবহার ও জনপ্রিয়তার মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ সহজে করা সম্ভব। এ ছাড়া মুক্ত সফটওয়্যারের কার্যক্রম বাড়ানো, আউটসোর্সিং ও তথ্যপ্রযুক্তি খাতে দেশের উন্নতির জন্য কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) শিক্ষার্থীদের লক্ষ্য কী হওয়া উচিত—এসব বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়। সেমিনারে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসই বিভাগের প্রভাষক আবু আওয়াল মো. শোয়েব, সিলেট প্রকৌশল কলেজের রেজিস্ট্রার মো. সেলিম, সিএসই বিভাগের প্রভাষক প্রণজিত কে দাশ, প্রভাষক ডালিয়া খালেক ও সিএসই বিভাগের শিক্ষার্থীরা। পরে অতিথিরা সিলেট প্রকৌশল কলেজের ক্যাম্পাসভিত্তিক রেডিও স্টুডিও পরিদর্শন করেন। মুক্ত সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে প্রস্তুত করা এ রেডিওটি তৈরি করেছে এসইসিওএসএনের সদস্য পার্থ সারথি কর, মো. সাদাত হোসেন খান ও মো. যোবায়ের। —নুরুন্নবী চৌধুরী