সিলেটে অনলাইনে জন্ম-মৃত্যু নিবন্ধন শুরু
সিলেট সিটি করপোরেশন ইন্টারনেটে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম শুরু করেছে। গতকাল রোববার দুপুরে কাকলী মজুমদার নামে এক শিশুর জন্ম সনদপত্র তার অভিভাবকের হাতে তুলে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। এ সময় সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সুধাময় মজমুদার ও ইপিআই সুপারভাইজার ভূপাল চন্দ্র চন্দসহ ওয়ার্ড কাউন্সিলর আবদুর রকিব উপস্থিত ছিলেন। জানানো হয়, কম্পিউটার ডেটাবেইসে জন্ম-মৃত্যুসংক্রান্ত তথ্য সংরক্ষণের ফলে যেকোনো সময় দেশের জনসংখ্যার গতি-প্রকৃতি যেমন জানা যাবে, তেমনি ভোটার তালিকা হালনাগাদ করাও সহজ হবে। এ ছাড়া পাসপোর্ট তৈরির সময় তথ্য যাচাইসহ যেকোনো ধরনের পুলিশি প্রয়োজন মেটাবে এই তথ্যভান্ডার। অনলাইনে নিবন্ধন কার্যক্রম শুরুর ব্যাপারে মেয়র বলেন, ‘এই কার্যক্রম শুরুর ফলে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম সহজতর হলো।’—নিজস্ব প্রতিবেদক, সিলেট