সিলেটে আজ থেকে ডিজিটাল উদ্ভাবনী মেলা
সিলেটে আজ শুরু হচ্ছে দুই দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা। তথ্যপ্রযুক্তির মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে জনগণের দোরগোড়ায় সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্ভাবনী বিভিন্ন সেবা ও কৌশল পৌঁছে দেওয়ার জন্য যৌথভাবে এই মেলার আয়োজন করেছে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচি। সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত মেলা চলবে। এতে সরকারি ও বেসরকারি মোট ৩৮টি স্টল থাকছে।গতকাল সোমবার এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা এসব তথ্য জানান। এতে বক্তব্য দেন সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম। মেলার দুই দিনে আলাদা দুটি সেমিনার অনুষ্ঠিত হবে। সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাজুল ইসলাম, গৌতম কুমার ঘোষ, সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শহীদুল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি মানিক মাহমুদসহ অনেকে। —সুমন কুমার দাশ