সিলেটে আজ থেকে ডিজিটাল মেলা
মাত্র কয়েক দিনের ব্যবধানে যশোরের পর সিলেটে আজ থেকে শুরু হচ্ছে চার দিনের ‘বিসিএস ডিজিটাল এক্সপো’ মেলা। নগরের ধোপাদীঘিরপাড়ের হাফিজ কমপ্লেক্সে এ মেলা হবে। গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আয়োজকেরা মেলার চূড়ান্ত প্রস্তুতির কথা জানিয়েছেন।সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার উদ্যোগে আজ বিকেল পৌনে চারটায় ‘বিসিএস ডিজিটাল এক্সপো সিলেট ২০১১’ মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ‘নতুন প্রজন্মের জন্য ডিজিটাল বাংলাদেশ’ স্লোগান নিয়ে ডিজিটাল প্রযুক্তি পণ্য ও সেবা এবং ডিজিটাল জীবনযাপনের নানা উপাদানের প্রদর্শনী হবে এই মেলায়। আজ মেলা বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। কাল থেকে প্রতিদিন মেলা চলবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। সিলেটের এ মেলায় তথ্যপ্রযুক্তির ২৫টি প্রতিষ্ঠান অংশ নেবে। পণ্য প্রদর্শনীর পাশাপাশি কুইজ প্রতিযোগিতা, র্যাফেল ড্র, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মেলার প্রবেশ ফি ১০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা বিনা মূল্যে মেলায় যেতে পারবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার, মেলার কেন্দ্রীয় সমন্বয়কারী ইউসুফ আলী, আহ্বায়ক এ এস এম জি কিবরিয়া, প্লাটিনাম স্পন্সর বাংলালায়নের প্রতিনিধি আহমেদ ফেরদৌস প্রমুখ।মেলার অন্যান্য পৃষ্ঠপোষক হলো ক্যাসপারস্কি ল্যাব, কণিকা মিনোল্টা ও তোশিবা। —নিজস্ব প্রতিবেদক, সিলেট