সিলেটে আনন্দ-আড্ডায় হাইস্কুল প্রোগ্রামিং
অঝোরধারায় বৃষ্টি খুদে প্রোগ্রামারদের জন্য কোনো প্রতিবন্ধকতা না। সকাল নয়টার আগেই প্রোগ্রামিং প্রতিযোগিতায় শ চারেক শিক্ষার্থীর উপস্থিতিই যেন এর প্রমাণ। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা প্রথমে অংশ নিল আধা ঘণ্টার কুইজ প্রতিযোগিতায়। এরপর দুই ভাগে বিভক্ত হয়ে গেল তারা। প্রোগ্রামিংয়ের নিবন্ধন করেনি যারা, তাদের জন্য ছিল ‘প্রোগ্রামিং ও তথ্যপ্রযুক্তিবিষয়ক আড্ডা’। গতকাল শুক্রবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) অনুষ্ঠিত প্রোগ্রামিং প্রতিযোগিতায় ছিল এমন আয়োজন। আড্ডার পাশাপাশি চলে মূল প্রোগ্রামিং প্রতিযোগিতা। দুপুরে শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শাবিপ্রবির সিএসই বিভাগের প্রধান অধ্যাপক মো. শহীদুর রহমানের সভাপতিত্বে এতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য মো. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, তামিম শাহরিয়ার প্রমুখ বক্তব্য দেন। কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মাহরুবা শারমিন চৌধুরী। এতে নিম্নমাধ্যমিক ক্যাটাগরিতে ৩৫, মাধ্যমিকে ৩৬ ও উচ্চমাধ্যমিকে ৩৭ শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রোগ্রামিং প্রতিযোগিতায় জুনিয়র ক্যাটাগরিতে ১০ ও সিনিয়র ক্যাটাগরিতে ১০ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। বিজয়ীরা আগামী ২৯ মে বুয়েটে অনুষ্ঠেয় জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতায় অংশ নেবে। প্রথমবারের মতো এ আয়োজন নিয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সিলেট ক্যাডেট কলেজের শিক্ষার্থী আহমেদ সাফওয়ানের ভাষায়, ‘ক্যাডেট কলেজের কঠোরভাবে রুটিন মেনে চলা জীবনের বাইরে এটি অন্য রকম একটি দিন। সারা জীবন এ দিনটির কথা মনে থাকবে।’ সরকারের আইসিটি বিভাগের আয়োজনে এ প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি। প্রতিযোগিতার সিলেট আঞ্চলিক পর্ব আয়োজনে সহযোগিতা করেছে বিডিওএসএন, শাবিপ্রবির সিএসই সোসাইটি, বিজ্ঞানের জন্য ভালোবাসা, সাস্ট সায়েন্স অ্যারেনা, সিএএম সাস্ট।