সিলেটে কম্পিউটার মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) আয়োজনে সিলেটে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে তিন দিনের ‘বিসিএস ডিজিটাল এক্সপো মেলা’। ‘ডিজিটাল শিক্ষাই ডিজিটাল বাংলাদেশের ভিত্তি’ স্লোগানে সিলেট স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে সন্ধ্যায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন টাওয়ার হেমলেটের ডেপুটি মেয়র আবুল মনসুর ওহিদ আহমেদ ও বিসিএসের সভাপতি ফয়েজউল্যাহ খান। এর আগে দ্বিতীয়বারের মতো সিলেটে কম্পিউটার মেলার আয়োজনে বিসিএস সিলেট শাখার উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিসিএস ডিজিটাল এক্সপো মেলার আহ্বায়ক মুশফিক উস সামাদ চৌধুরী লিখিত বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে বলা হয়, তথ্যপ্রযুক্তির দেশি-বিদেশি ও সুপরিচিত ব্র্যান্ড, আমদানিকারক, প্রস্তুতকারক ও সরবরাহকারী ৪৪টি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নিয়েছে। মেলায় কম্পিউটার হার্ডওয়ার ও সফটওয়্যার পণ্যসামগ্রী, নেটওয়ার্ক ও ডাটা কমিউনিকেশন, টেলিকম সেবা, মাল্টিমিডিয়া, আইসিটি শিক্ষা উপকরণ, ল্যাপটপ, টেবলেট পিসিসহ ডিজিটাল জীবন ধারাভিত্তিক প্রযুক্তি ও পণ্য এবং হালনাগাদ সংস্করণ ৫৫টি স্টলের মাধ্যমে প্রদর্শন করা হবে। বিসিএস সিলেট শাখার চেয়ারম্যান এনামুল কুদ্দুছ চৌধুরী জানান, শুধু বাণিজ্যিক উদ্দেশ্যেই নয়, ভবিষ্যৎ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এ আয়োজন। মেলায় ৫ জানুয়ারি সন্ধ্যায় ‘ডিজিটাল বাংলাদেশের তিন বছর: প্রাপ্তি ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।—নিজস্ব প্রতিবেদক, সিলেট