সিলেটে চালু হল টেলিটক থ্রিজি

বিভাগীয় শহর সিলেটে পরীক্ষামূলকভাবে থ্রিজি নেটওয়ার্ক চালু করেছে রাষ্ট্রায়ত্ত মুঠোফোন প্রতিষ্ঠান টেলিটক। সিলেট সিটি কর্পোরেশনের পাঁচটি এলাকায় বৃহস্পতিবার থেকে টেলিটক থ্রিজি নেটওয়ার্ক পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে।
টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান প্রথম আলোকে জানিয়েছেন, গতকাল রাত থেকে সিলেটের পাঁচটি এলাকায় পরীক্ষামূলকভাবে থ্রিজি চালু হয়েছে। ৪০ টি বেস ট্রানসিভার স্টেশন বা বিটিএসের মাধ্যমে এ সেবা চালু হবে। তিনি বলেন, ঈদের আগেই ২৯টি বিটিএসে সংযোগ স্থাপন করা সম্ভব হবে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যেই চট্টগ্রাম ও সিলেট বিভাগ থ্রিজির আওতায় আনার কথা জানিয়েছিলেন টেলিটকের কর্মকর্তারা। গত অক্টোবর মাসে টেলিটক পরীক্ষামূলকভাবে শুধু ঢাকায় থ্রিজি সেবা শুরু করে।
বাংলাদেশ টেলিকম নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির সর্বশেষ জুন মাসের তথ্য অনুযায়ী, টেলিটকের বর্তমান ব্যবহারকারী ১৯ লাখ আট হাজার।
এদিকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটক থ্রিজি সেবা শুরু করলেও এখনো বেসরকারি অপারেটররা থ্রিজি লাইসেন্সের জন্য অপেক্ষা করছে।
তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন-প্রযুক্তির (থ্রিজি) তরঙ্গ নিলামে অংশ নিতে আবেদনের সময়সীমা ১২ আগস্ট নির্ধারণ করেছে বিটিআরসি। নিলাম অনুষ্ঠানের সময় ২ সেপ্টেম্বর থেকে বাড়িয়ে ৮ সেপ্টেম্বর করা হয়েছে।
গ্রামীণফোনের মূল কোম্পানি টেলিনর, রবির মূল কোম্পানি আজিয়াটা লিমিটেড ও বাংলালিংকের ভিম্পেলকম গত সোমবার বিটিআরসির কাছে কিছু দাবিসহ নিলামের জন্য এক মাস সময় বাড়ানোর আবেদন করে। দাবিগুলো যথাসম্ভব মেনে নেওয়ায় থ্রিজি তরঙ্গ নিলামে অংশ নিচ্ছে অপারেটর কোম্পানিগুলো। বিটিআরসি জানিয়েছে, সবাইকে লাইসেন্স দেওয়া হবে ১৫ বছরের জন্য।