সিলেটে জমজমাট ই-বাণিজ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্বোধনের দিন থেকেই জমে উঠেছে সিলেটের ই-বাণিজ্য ও ডিজিটাল উদ্ভাবনী মেলা। ‘ঘরে বসে কেনাকাটার উৎসব’—স্লোগান নিয়ে ঢাকার বাইরে সিলেটে প্রথমবারের মতো এ মেলার আয়োজন হওয়ায় উৎসুক দর্শনার্থীদের পাশাপাশি তরুণ-তরুণীদের ভিড় বেশি। নগরের রিকাবীবাজার এলাকায় জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এ মেলা গত বৃহস্পতিবার উদ্বোধনের পরপরই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। ঢাকা থেকে ভিডিও সম্মেলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় তিনি কলেন, দেশে এখন অনেক প্রতিষ্ঠান ই-কমার্সের মাধ্যমে লেনদেন করছে। মোবাইল ও ইন্টারনেট প্রযুক্তির কারণে এটি দ্রুত ছড়িয়ে পড়ছে। আগামী দেড় মাসের মধ্যে দেশে চালু হবে ইন্টারনেটে অর্থ লেনদেনের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি পেপাল চালু হবে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বক্তব্য দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেটের জেলা প্রশাসক খান মো. বিলাল, কম্পিউটার জগৎ-এর কারিগরি সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ।মেলার আয়োজক সিলেট জেলা প্রশাসন ও মাসিক কম্পিউটার জগৎ। এতে ৪০টির বেশি স্টল নিয়ে অনলাইনে কেনাবেচার ও সেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। তিন দিনের এ মেলায় অংশ নিয়েছে ঢাকা ও সিলেটের ই-বাণিজ্য ও তথ্যপ্রযুক্তি সেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠান। এ ছাড়া সিলেটের ই-বাণিজ্য ও তথ্যপ্রযুক্তি সেবাদাতা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি, রাইট ক্লিক সফটওয়্যার, রিভাই অনলাইন, ঐতিহ্য ফ্যাশন, কাশবন-গিফট, সিলেট ই-শপ ডট কম অংশ নিয়েছে। উদ্বোধনী আনুষ্ঠানিকতার পরই জমজমাট মেলাঙ্গন ঘুরে দেখা গেছে, শিক্ষার্থী ও তরুণ দর্শনার্থীদের ভিড় বেশি। তথ্যপ্রযুক্তির প্রতি তরুণদের আগ্রহ নিয়ে মেলায় ঘুরতে আসা সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির তথ্যপ্রযুক্তি বিভাগের বিভাগীয় প্রধান চৌধুরী মো. মোকাম্মেল ওয়াহিদ বলেন, দেশে ই-বাণিজ্য বিষয়টি সহজবোধ্য করতে মেলা বড় ভূমিকা রাখবে। অনলাইনের মাধ্যমে এখন বিভিন্ন বিল, কর পরিশোধ ও রেলওয়ে টিকিট সংগ্রহ করা যাচ্ছে। দেশে ই-কমার্সে বিশাল সম্ভাবনা ও প্রধান সুবিধা হলো, স্বাচ্ছন্দ্যে পণ্য কেনাকাটা। মেলার আকর্ষণ বাড়াতে তথ্যবিষয়ক সেমিনার ছাড়াও সিলেট জেলা প্রশাসন প্রতিদিন র‌্যাফল ড্রর ব্যবস্থা করেছে। প্রতি দর্শক বিনা মূল্যে র‌্যাফল ড্র কুপন সংগ্রহ করতে পারবে। মেলার তিন দিনই রাত আটটায় লটারির মাধ্যমে র‌্যাফল ড্র বিজয়ীকে বিশেষ পুরস্কার হিসেবে উন্নত মানের মুঠোফোনসহ আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। মেলার বিস্তারিত www.comjagat.com ওয়েবসাইটে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। —নিজস্ব প্রতিবেদক, সিলেট