সিলেটে ডিজিটাল শিক্ষা কার্যক্রম চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে শ্রেণীকক্ষে ডিজিটাল পদ্ধতিতে পাঠদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার নগরের উপশহর এলাকার বাংলাদেশ ব্যাংক স্কুলে এ কার্যক্রম চালু হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের মহাব্যবস্থাপক নির্মল চন্দ্র ভক্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. আবদুল বারী, টিচার্স ট্রেনিং কলেজের সহকারী অধ্যাপক মানস কান্তি বিশ্বাস ও আবদুল্লাহ আল-মাহমুদ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিতা কুণ্ডুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের উপপরিচালক এ কে এম ফজলুল হক। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শ্রেণীকক্ষে সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমীন দশম শ্রেণীর গণিত বিষয়ের শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমের সূচনা করেন। এ ছাড়া অনুষ্ঠানে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনকে ভোট প্রদানের কার্যক্রমেরও উদ্বোধন করা হয়। —সুমনকুমার দাশ