সিলেটে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণকেন্দ্র চালু
সারা বিশ্ব নিজের হাতের মুঠোয় নিতে হলে তথ্যপ্রযুক্তিতে দখল থাকা এখন সময়ের প্রয়োজন। তথ্যপ্রযুক্তি-বিষয়ক পেশার পাশাপাশি প্রায় সব পেশায় বর্তমানে তথ্যপ্রযুক্তির দক্ষতা আবশ্যক। আর এই দক্ষতা উন্নয়নের জন্য দরকার যথাযথ প্রশিক্ষণ। সিলেট শহরের মিলেনিয়াম মার্কেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের (সিএসই) সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ক্রিসক্রস কম্পিউটার্সের তত্ত্বাবধানে চালু হওয়া তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণকেন্দ্র আইটি কেয়ার ইনস্টিটিউশনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাবিপ্রবির সিএসই বিভাগের প্রভাষক আবু আউয়াল মো. শোয়েব, ওয়েব ক্র্যাফটের পরিচালক জাকারিয়া চৌধুরী ও কেন্দ্রের পরিচালক সৈয়দ আবদুল হাফিজসহ অনেকে। এ প্রতিষ্ঠানে ওয়েব ডিজাইন, ফ্রিল্যান্স আউটসোর্সিং, বেসিক কম্পিউটিং, গ্রাফিক্স ডিজাইনিং, প্রোগ্রামিং, উবুন্টু ও কিডস্ কম্পিউটিংসহ বিভিন্ন ধরনের বিষয় শেখানো হবে। —নিজস্ব প্রতিবেদক