সিলেটে বিসিএসের ডিজিটাল মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে শুরু হয়েছে চার দিনের ডিজিটাল মেলা। এ মেলা উদ্বোধন করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে বিশ্বে শিল্পবিপ্লব এক নতুন মাত্রা পায়। অপরদিকে বিংশ শতাব্দীর শেষ দিকে তথ্যপ্রযুক্তির বিপ্লব এসেছে। বর্তমান প্রজন্ম এ দেশকে ডিজিটালে পরিণত করতে কাজ করে যাবে।’ গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় সিলেট নগরের ধোপাদিঘিরপার এলাকার হাফিজ কমপ্লেক্সে ‘বিসিএস ডিজিটাল এক্সপো’র উদ্বোধনী অনুষ্ঠান হয়। এর পরপরই মেলা দর্শকদের জন্য খুলে দেওয়া হয়। বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) সিলেট শাখা এ মেলার আয়োজক।বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সাংসদ হাফিজ আহমদ মজুমদার, সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক, সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাসিম, বিসিএসের মহাসচিব মজিবুর রহমান, মেলার কেন্দ্রীয় সমন্বয়ক ইউসুফ আলী, আহ্বায়ক এ এস এম কিবরিয়া, বিসিএস সিলেটের সভাপতি এনামুল কুদ্দুস চৌধুরীসহ অনেকে।মেলায় ২৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পণ্য প্রদর্শনীর পাশাপাশি কুইজ প্রতিযোগিতা, র‌্যাফেল ড্র, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। মেলার প্রবেশ ফি ১০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীরা বিনা মূল্যে মেলায় যেতে পারবে। আগামী শনিবার পর্যন্ত মেলা চলবে। —নিজস্ব প্রতিবেদক, সিলেট