সিলেটে শিক্ষার্থীদের তৈরি ইলেকট্রনিক ভোটযন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীদের তৈরি করা ভোট গ্রহণের ইলেকট্রনিক যন্ত্র গতকাল সোমবার প্রদর্শন করা হয়েছে। সিলেটে ‘সার্ভার সিনক্রোনাইজ ভোটিং মেশিন’ নামের এ যন্ত্রের প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি নিজেও ওই যন্ত্রের মাধ্যমে ভোট দেন।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন চৌধুরী মোকাম্মেল ওয়াহিদের সঞ্চালনায় প্রদর্শনী অনুষ্ঠানের শুরুতে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য মো. সালেহ উদ্দিন ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তৌফিক রহমান চৌধুরী স্বাগত বক্তব্য দেন। নতুন ভোট যন্ত্রের খুঁটিনাটি বিষয় তুলে ধরেন তড়িৎ ও ইলেকট্রনিকস কৌশল বিভাগের প্রভাষক সৈয়দ রেজওয়ানুল হক। এ ভোটযন্ত্র তৈরির গবেষণায় কাজ করেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী প্রশান্ত ভট্টাচার্য।
প্রদর্শনীতে বলা হয়, এ যন্ত্র উপহার দিতে পারে একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ নির্বাচন। ভোট কখন কোথায় আছে, তা এ যন্ত্র দিয়েই জানা যাবে। না পাওয়া গেলেও তথ্যভান্ডার থেকে নিমেষেই ভোটের হিসাব-নিকাশ মেলবে।
ভোটযন্ত্র প্রদর্শনী শেষে ‘ডেলিভারি ড্রোন’ নামে আরেকটি যন্ত্র প্রদর্শন করা হয়। সবশেষে দৃষ্টিপ্রতিবন্ধীদের চলার পথনির্দেশক একটি মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) প্রদর্শন করেন শিক্ষার্থীরা।
মো. সালেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমাদের যন্ত্রটি দিয়ে স্বচ্ছতার সঙ্গে একটি নির্বাচনে ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। নির্বাচন কমিশনের পাশাপাশি পর্যবেক্ষকেরাও নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে। ফলে নির্বাচন গ্রহণযোগ্যতাও পাবে।’