সিলেটে শেষ হয়েছে ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) আয়োজিত চার দিনের ‘বিসিএস ডিজিটাল মেলা’ গত শনিবার শেষ হয়েছে। সিলেট নগরের ধোপাদিঘিরপারে হাজিফ কমপ্লেক্সে ২ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এই মেলা। মেলার শেষ দিনে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলায় অংশগ্রহণকারী ২৫টি প্রতিষ্ঠান নানা ধরনের হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রযুক্তিপণ্য, তথ্যপ্রযুক্তি শিক্ষা উপকরণ ও সেবা প্রদর্শন করেছে। চার দিনে এসব প্রতিষ্ঠানে বেচাকেনাও হয়েছে প্রচুর।বিকেল পাঁচটায় মেলাস্থলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন, সিলেটের মেট্রোপলিটন পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া। সভাপতিত্ব করেন বিসিএস কেন্দ্রীয় কমিটির সভাপতি মোস্তাফা জব্বার।বিসিএস সিলেটের সভাপতি এনামুল কুদ্দুস চৌধুরী জানান, মেলায় ২৫টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পণ্য প্রদর্শনীর পাশাপাশি কুইজ প্রতিযোগিতা, র‌্যাফল ড্র, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পর্যায়ক্রমে থাকায় দর্শনার্থীদের ভিড় ছিল উপচেপড়া। মেলার পৃষ্ঠপোষক ছিল বাংলালায়ন কমিউনিকেশনস লিমিটেড, ক্যাসপারস্কি ল্যাব, কণিকা মিনোল্টা ও তোশিবা। সহযোগিতায় ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল। —সুমনকুমার দাশ