সিলেটে সুন্দরবনের জন্য ভোটের পাশাপাশি প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের বিজয় নিশ্চিত করতে সিলেটে শুরু হয়েছে দুই সপ্তাহব্যাপী ‘ডেস্টিনেশন সুন্দরবন’ শীর্ষক প্রচারণা ও ভোটিং কার্যক্রম। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। কর্মসূচির আয়োজক বাংলাদেশ পর্যটন করপোরেশন ও সাইবার ক্যাফে ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সহযোগিতায় রয়েছে জেলা প্রশাসন, সিলেট সিটি করপোরেশন, বন বিভাগ, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হেমায়েত উদ্দিন তালুকদার। এ সময় সিলেটের জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলালসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে সবাই সুন্দরবনকে ভোট দেন। সভায় বক্তারা বলেন, জাতীয় স্বার্থে সুন্দরবনের বাংলাদেশ হিসেবে এ দেশকে বিশ্বের বুকে পরিচিত করার সুযোগ এখন আমাদের হাতে। এ সুযোগ হাতছাড়া হয়ে গেলে আর ফিরে আসবে না। তাই বাংলাদেশের পর্যটন বিকাশে এবং দেশকে আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত করার লক্ষ্যে বিশ্বব্যাপী চলমান প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচনে সুন্দরবনের বিজয় সুনিশ্চিত করা উচিত। —সুমনকুমার দাশ, সিলেট প্রতিনিধি