সিলেটের বিজিপিএসিতে প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে (বিজিপিএসসি) আন্তহাউস প্রোগ্রামিং প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। দেড় ঘণ্টার প্রতিযোগিতায় স্কুলটির বীরশ্রেষ্ঠ মুন্সি আবদুর রউফ, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান হাউসের শিক্ষার্থীরা অংশ নেয়। এর আগে গত সোমবার থেকে বুধবার প্রতিযোগিতার প্রাথমিক পর্ব সম্পন্ন হয়।

কাল দুপুরে বিজয়ী ২১ শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে ডেস্কটপ কম্পিউটার, ট্যাবলেট, পেনড্রাইভ ও প্রোগ্রামিং-বিষয়ক বই তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজিবির সিলেট সেক্টর কমান্ডার ও বিজিপিএসসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কর্নেল মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণির এ শিক্ষার্থীরা ইতিমধ্যে বিভিন্ন প্রোগ্রামিং প্রতিযোগিতায় আঞ্চলিক ও জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়েও তারা সাফল্য দেখাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’

অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক, প্রোগ্রামিং ক্লাবের সমন্বয়ক ওলী উল্লাহ খান, প্রশিক্ষক সমন্বয়ক মুন্সী মো. মিসবাহ্ উদ্দিন, সিলিকন আইটি সিলেটের সফটওয়্যার প্রকৌশলী ফারহানা নওরীন, স্কুলের আইসিটি শিক্ষক অসিত কুমার চৌধুরীসহ অনেকে।

প্রতিযোগিতায় ছেলেদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে দশম শ্রেণির নিলয় দাস। মেয়েদের মধ্যে চ্যাম্পিয়ন হয় নবম শ্রেণির সুমাইয়া খানম। রানারআপ হয়েছে মনীষ চন্দ ও মিথিলা রহমান।