সিলেটের মাধ্যমিক বিদ্যালয়ে অনলাইনে ভর্তি
বিশ্ববিদ্যালয়ের পর এবার সিলেটে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা অনলাইনে ভর্তির সুযোগ পাচ্ছেন। গত সপ্তাহ থেকে সিলেটের দুটো সরকারি বিদ্যালয়ে অনলাইনে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। গত মঙ্গলবার রাতে সিলেটের সার্কিট হাউসে এ প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তির এই সুবর্ণ সময়েও আমাদের দেশের অধিকাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছেন। অনেকেই প্রযুক্তির সঠিক ব্যবহার আর সুফল পাচ্ছেন না। শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের বিড়ম্বনা ঘুচাতে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর একটি হচ্ছে অনলাইনে ভর্তি কার্যক্রম। তথ্যপ্রযুক্তিনির্ভর প্রজন্মের সুবিধার কথা বিবেচনা করে ডিজিটাল দেশ গঠনের পদক্ষেপ হিসেবে এ প্রক্রিয়া শুরু করা হয়েছে।’ এ সময়ে সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান এস এম আবদুল খালেক, সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক জাহাঙ্গীর কবীর আহাম্মদ, সিলেট সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ও অগ্রগামী উচ্চবিদ্যালয়ের শিক্ষকেরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের সহায়তায় এ পদ্ধতি চালু করা হয়। মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর জানায়, অনলাইনের মাধ্যমে প্রাথমিকভাবে সিলেটের ঐতিহ্যবাহী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ও অগ্রগামী উচ্চবালিকা বিদ্যালয়ে ভর্তি কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে এ পদ্ধতি অন্যান্য মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে চালু করা হবে। www.dcsylhet.gov.bd ঠিকানার ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা ভর্তি ফরম সংগ্রহ করতে পারবে।বিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুটো বিদ্যালয়ে অনলাইনে ভর্তি কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে। চলবে আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত। অনলাইনে ফরম পূরণের পর আবেদনকারী শিক্ষার্থী ভর্তি পরীক্ষার রোল নম্বর পাবে। এই রোল নম্বর নিয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রশাসনিক দপ্তর থেকে ১০০ টাকা ও দুই কপি পাসপোর্ট আকারের ছবি জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবে। অনলাইনে ফরম পূরণে সমস্যা হলে আগামী ২১ ও ২২ ডিসেম্বর বিদ্যালয়ের নির্দিষ্ট শাখায় অথবা সিলেট স্টেডিয়ামের জিমনেসিয়ামে ডিজিটাল মেলায় যোগাযোগ করতে বলা হয়েছে। —নিজস্ব প্রতিবেদক, সিলেট