সিলেটের ১১ থানায় প্রযুক্তির প্রশিক্ষণ
অপরাধী শনাক্ত করতে প্রযুক্তির ব্যবহারে সিলেট জেলা পুলিশের ১১ থানার কম্পিউটার অপারেটরদের তিন দিনের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ‘ক্রিমিনাল ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম (সিডিএমএস)’ শিরোনামের এই প্রশিক্ষণ শেষে পুলিশের পদস্থ কর্মকর্তাদের আশাবাদ, এখন থেকে জেলা পুলিশের থানা থেকে অপরাধীদের অপরাধসংক্রান্ত অতীত ও বর্তমান তথ্য সংরক্ষণ করা সম্ভব হবে এবং প্রযুক্তি-সুবিধাকে কাজে লাগিয়ে দ্রুত অপরাধী চিহ্নিত করে অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।সিলেট জেলা পুলিশের উদ্যোগে সিডিএমএস প্রশিক্ষণ শেষে গত মঙ্গলবার সমাপনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসাইন বলেন, ‘এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা সফটওয়্যারের মাধ্যমে অপরাধীর সংখ্যা, অপরাধীদের অতীত ও বর্তমান সহজেই দেশের বিভিন্ন থানায় পৌঁছে দিতে পারবে। এতে করে প্রযুক্তির ব্যবহারে অপরাধ দমনে সুফল পাওয়া যাবে।’সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) ইব্রাহীম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মো. এনামুল কবির বিশেষ অতিথির বক্তব্য দেন।তিন দিনের প্রশিক্ষণে ব্যক্তি এন্ট্রি অপরাধের বিভিন্ন তথ্য, কোড নম্বর, ভিপিএন সার্ভারে প্রবেশ করা, সফটওয়্যার সম্পর্কে ধারণা এবং আইওএম ও এসওপি সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হয়। —নিজস্ব প্রতিবেদক, সিলেট