সিলেবাস বদলের সিদ্ধান্তে ধর্মঘটে ১১৫ সিএ শিক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেবাস বদলের অভিযোগ করে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করেছেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএবি) শেষ পর্বের ১১৫ জন শিক্ষার্থী। তাঁদের অভিযোগ, সনদ না দেওয়ার জন্যই ‘শেষ মুহূর্তে’ কর্তৃপক্ষ সিলেবাস বদল করেছে।

আজ মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারের সিএ ভবনের নিচে অবস্থান ধর্মঘট ও সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন শিক্ষার্থীরা। অবস্থান ধর্মঘট শুরু হয় বেলা ১১টায়। আজ সন্ধ্যা সাতটায় শেষ হওয়ার পর কাল বেলা ১১টা থেকে আবারও অবস্থান ধর্মঘট চলবে।

আন্দোলনরত একাধিক শিক্ষার্থী প্রথম আলোকে জানান, ১২০০ নম্বরের মধ্যে আর ৫০ বা ১০০ নম্বরের পরীক্ষায় পাস করলেই সনদধারী হিসাববিদ হওয়ার যোগ্যতা অর্জন করবেন তাঁরা। এখন ৭০ জন শিক্ষার্থীর কেবল একটি বিষয়, ৩৮ জনের দুটি বিষয় এবং সাতজনের দুইয়ের অধিক বিষয় বাকি আছে। অর্থাত্ জুন মাসে ৫০ থেকে ১০০ নম্বরের পরীক্ষা দিলেই তাঁদের সনদ পাওয়ার কথা।

শিক্ষার্থীদের ভাষ্য, আইসিএবি কর্তৃপক্ষ ২০১০ সালের মার্চে ইস্যুকৃত অমীমাংসিত বিজ্ঞপ্তির মাধ্যমে ২০১২ সালে পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীদের চাপ দেয়। পরে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে তিনবার সময় বাড়ানো হয়। হিসাববিদ হতে অবশিষ্ট ৫০ নম্বরের জন্য এখন ৪০০ এবং ১০০ নম্বরের জন্য ৬০০ নম্বরের পরীক্ষা দিতে হবে, এটা অবাস্তব ও অযৌক্তিক।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিষয়টি নিয়ে কথা বলতে গেলে কর্তৃপক্ষ জানায়, কাউন্সিলরদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করবে তারা।

এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিএবি কর্তৃপক্ষ জানিয়েছে, দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ইন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের (আইসিএইডব্লিউ) সঙ্গে চুক্তি অনুযায়ী শিক্ষার্থীদের তিনবারের বেশি সুযোগ দেওয়া সম্ভব নয়। পুরোনো সিলেবাসে আর কোনো পরীক্ষা নেওয়াও সম্ভব নয়। তবে শেষ পর্বের ১১৫ জন শিক্ষার্থী নতুন সিলেবাসের আওতায় পরীক্ষা দিতে পারবেন।

অবশ্য শিক্ষার্থীদের দাবি, এর আগে নলেজ এবং অ্যাপ্লিকেশন লেভেলে আইসিএবি ১০ বার পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছে। তাই তাঁরাও এই সুযোগ চান। পুরোনো সিলেবাস নিয়ে আইসিএইডব্লিউয়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই।

শিক্ষার্থীরা জানান, আইসিএইডব্লিউ মতামত দিয়েছে, পুরোনো সিলেবাস রাখা না-রাখা আইসিএবির নিজস্ব ও অভ্যন্তরীণ বিষয়। এ ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, শিক্ষার্থীরা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন।