সিসি কি পারবেন সফল হতে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদেল ফাত্তাহ আল-সিসি
আবদেল ফাত্তাহ আল-সিসি

নির্বাচনী হাওয়া বইছে মধ্যপ্রাচ্যের দেশ মিসরে। জনগণ তাঁদের পছন্দের প্রেসিডেন্টকে বেছে নিতে আগামী ২৬ ও ২৭ মে ভোট দেবেন। লক্ষণ বিচারে মনে হচ্ছে, জনগণের পছন্দের জোয়ার এবার সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-সিসির দিকে। প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে তিনি হয়তো সহজেই জয়ী হতে পারবেন। কিন্তু তত সহজে কি দেশ পরিচালনা করতে পারবেন? পারবেন কি দেশের ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে? এসব প্রশ্ন এখন অনেকেরই।
শুধু প্রেসিডেন্ট হওয়ার জন্যই ফিল্ড মার্শাল সিসি ছেড়ে দিয়েছেন দেশটির সেনাপ্রধানের পদ। জনগণের মন জয় করতে সামরিক উর্দি ছেড়ে তিনি সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়িয়েছেন।
আট কোটি মানুষের আবাসস্থল মিসরের অর্থনীতি টিকে আছে মূলত উপসাগরীয় দেশের রাজপরিবার থেকে পাওয়া মোটা অঙ্কের সাহায্যের ওপর। রোজকার অর্থনৈতিক চাহিদা মেটাতে হাত পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর। ফলে মজুদ অর্থের পরিমাণ ক্রমেই কমছে, যা দেশটির অর্থনীতির জন্য অশনি সংকেত।
একদিকে অর্থের টানাটানি, অন্যদিকে সস্তায় জনগণকে খাদ্য ও জ্বালানির সুবিধা দেওয়ার তাগাদা—এ নিয়ে মিসরের সরকারকে মোটামুটি হিমশিম খেতে হয়। শুধু এই দুই খাতেই সরকারকে বাজেটের ৩০ শতাংশ ভতুর্কি দিতে হয়। অর্থনীতির এমন অস্থিতিশীল পরিস্থিতিতে দেশটির বেকারত্বের হার অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে, এটি ১৩ শতাংশের বেশি।
দেশের বেশির ভাগ মানুষ অর্থনৈতিক টানাপোড়েনে থাকলেও বিপরীত চিত্র সামরিক বাহিনীতে। অনেক বিলাসী জীবনযাপন করেন তাঁরা। সামরিক বাহিনীর জন্য সরকারের বরাদ্দ কত, তা রাষ্ট্রীয় গোপনীয় বিষয় হিসেবে কাউকে জানানো হয় না। তবে বরাদ্দটা যে বেশি, সে বিষয়ে কোনো সন্দেহই নেই। স্বাধীনভাবে গবেষণা করেন এমন বিশ্লেষকদের দাবি, সেনারা কেবল তাঁদের বেতনের টাকায় চলেন না, নিজেদের বিভিন্ন কল্যাণমূলক প্রতিষ্ঠানের মাধ্যমে তাঁরা ব্যবসা পরিচালনা করেন, যা মিসরের অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রায় ৪০ শতাংশ। রাস্তা বানানো থেকে শুরু করে অলিভ অয়েল বোতলজাত করা—সব ব্যবসাতেই তাঁরা আছেন। ফলে, মুনাফা যা হয় তা সামরিক বাহিনীর সদস্যদের কাছেই থেকে যায়।
সেনাপ্রধান থাকার সময় সিসি সেনাদের এই বাণিজ্য সাম্রাজ্যের প্রসার ঘটিয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার পর তাঁকে গোটা দেশের মানুষের উন্নয়নের কথাই ভাবতে হবে। সে কাজটি তিনি কতটা ভালোভাবে করতে পারবেন, তা নিয়ে বেশ সংশয় আছে। সেনাপ্রধান হয়ে একটি নির্দিষ্ট শ্রেণী-গোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে সহায়ক ভূমিকা রাখা আর প্রেসিডেন্ট হয়ে বিভিন্ন শ্রেণী-পেশা-গোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনা—এক কথা নয়। কাজটি বেশ জটিল। এই জটিল কাজটি করতে গিয়ে সিসিকে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বলেই ধারণা করা হচ্ছে। বিশেষত, দেশটির অর্থনৈতিক অবস্থা যখন এতটা ভঙ্গুর অবস্থায় আছে।
জনগণের খাবার ও জ্বালানিতে ভর্তুকির পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিতের ভারও পড়বে আবদেল ফাত্তাহ আল-সিসির ওপর। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে সিসিকে দেশটিতে মাথাচাড়া দিয়ে ওঠা ইসলামপন্থী উগ্রবাদীদের সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হাতে দমন করতে হবে। এ কাজে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের সুনজর আর তাঁর প্রতি থাকবে না। ব্যর্থ হলে খেপে যাবে প্রতিবেশী ইসরায়েলও। কারণ, ১৯৭৯ সালে সীমান্ত স্থিতিশীল রাখতে চুক্তিবদ্ধ হয়েছিল মিসর-ইসরায়েল।
অর্থনীতি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জয়ী হতে গেলে সিসিকে বেশ কয়েকটি কাজ অত্যন্ত দক্ষতার সঙ্গে করতে পারতে হবে। প্রথমত, নিজস্ব ক্যারিশমা কাজে লাগিয়ে সামরিক বাহিনীকে সন্ত্রাসের বিরুদ্ধে জয়ী হওয়ার লড়াইয়ে উদ্বুদ্ধ করতে হবে। এ ছাড়া দেশের সাধারণ মানুষকে বোঝাতে হবে, এভাবে দিনের পর দিন ভতুর্কি দেওয়া সম্ভব নয়। ভতুর্কি বন্ধ করতে হবে। এ জন্য পরিবারগুলোর চলতে যে সাময়িক কষ্ট হবে, সেটি অনেক ভালো করে তাদের বোঝাতে হবে। নইলে জনক্ষোভের বিস্ফোরণের আশঙ্কা থেকেই যায়। আরেকটি বিষয় সিসিকে মাথায় রাখতে হবে, দেশটির বিচারব্যবস্থা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে নেই। হত্যাসহ বিভিন্ন অভিযোগে দেশটির একটি আদালত সম্প্রতি নিষিদ্ধঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডের ৫২৯ জনকে মৃত্যুদণ্ড দিয়ে বুঝিয়ে দিয়েছে, ভুল করলে কেউই ছাড় পাবে না।
মিসরের সাধারণ মানুষের কাছে সিসি বেশ নরম ভাষী হিসেবে পরিচিত। তাদের আশা, তিনি তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন এনে দিতে পারবেন। তবে ব্যর্থ হলে জনগণের কাছে ছাড় পাওয়ার কোনো সম্ভাবনা সিসির নেই। যেমনটা পাননি তিন দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা হোসনি মোবারক কিংবা মোবারক-পরবর্তী প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত মোহাম্মদ মুরসি। গণবিক্ষোভে মোবারকের পতন হয়। আর সিসির নেতৃত্বে সেনা-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন মুরসি, যার প্রতি দেশের বেশির ভাগ মানুষ সমর্থন জানায়। এবার দেখার পালা, সিসি কী করতে পারেন!
সূত্র: টাইম ম্যাগাজিন