সীতাকুণ্ডে সপ্তাহব্যাপী ভোট সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীতাকুণ্ডের কুমিরায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে গত সোমবার থেকে শুরু হয়েছে সুন্দরবনের পক্ষে ভোট সংগ্রহ উৎসব। সপ্তাহব্যাপী এ উৎসবের আয়োজন করে আইআইইউসি ল’ ক্লাব ও সাড়া দাও বাংলাদেশ। সকালে উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সমন্বয়কারী মোরশেদ মাহমুদ খান। তিনি বলেন, ‘সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ, আমাদের সবার উচিত, সুন্দরবনকে ভোট দিয়ে প্রাকৃতিক সপ্তাশ্চর্যের শীর্ষ স্থানে আসীন করা। আমরা যত ভোট দেব, ততই সুন্দরবনের অবস্থান সুদৃঢ় হবে।’ এ সময় উপস্থিত ছিলেন আইন বিভাগের প্রধান মুহাম্মদ হাসান মুরাদ, ল’ ক্লাবের সমন্বয়কারী কাজী এরশাদুল হক, সাড়া দাও বাংলাদেশের সমন্বয়কারী মিল্টন দাশসহ অনেকে। ভোট সংগ্রহ উৎসবের সহযোগিতায় রয়েছে বাংলদেশ পর্যটন করপোরেশন। আইআইইউসি ক্যাম্পাসে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ভোট সংগ্রহ চলে। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম