সীতাকুণ্ডে সুন্দরবনের পক্ষে প্রচারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে সুন্দরবনের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছেন সাড়া দাও বাংলাদেশ ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ল ক্লাবের সদস্যরা। গতকাল বুধবার সকাল থেকেই তাঁরা কুমিরার আইআইইউসি ক্যাম্পাসের শিক্ষার্থীদের সুন্দরবনের পক্ষে ভোট দেওয়ার জন্য নানাভাবে উদ্বুদ্ধ করতে থাকেন। বিভিন্ন আবাসিক হল, লাইব্রেরি, ফ্যাকাল্টিতে গিয়ে ভোট দেওয়ার নিয়ম লেখা লিফলেট ও পোস্টার বিতরণ করেন। আইআইইউসির আইন বিভাগের শিক্ষক মো. জাহেদুল ইসলাম বলেন, ‘সুন্দরবনের পক্ষে ব্যাপক প্রচারণা দরকার। কারণ যত বেশি প্রচার হবে, ততই আমাদের অবস্থান সুদৃঢ় হবে।’জাহেদুল ইসলাম আরও বলেন, ‘১৮ অক্টোবর আমরা ক্যাম্পাসে ভোট সংগ্রহ উৎসব উদ্যাপন করব। এ উপলক্ষে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছি। উৎসব উদ্বোধন করবেন আইন বিভাগের সমন্বয়কারী মোরশেদ মাহমুদ খান। বিশেষ অতিথি থাকবেন বিভাগের প্রধান মো. হাসান মুরাদ।’বাংলাদেশ পর্যটন করপোরেশন সহযোগিতায় আয়োজিত গতকালের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. শহিদুল ইসলাম, জহির উদ্দিন, সাজ্জাতুল আরমান, আবু রায়হান, মো. রিপন প্রমুখ। —নিজাম সিদ্দিকী, চট্টগ্রাম