সীমাবদ্ধতার মধ্যেও রেকর্ড সাফল্য দিনাজপুর বোর্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমাবদ্ধতার মধ্যেও পাসের হার, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধিসহ সব কটি ক্ষেত্রে গত ছয় বছরের চেয়ে সাফল্য পেয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড৷ বোর্ডটি এবারের এসএসসি পরীক্ষায় পাসের হারের দিক দিয়ে সবগুলো শিক্ষা বোর্ডের মধ্যে তৃতীয় হয়েছে৷
এবার পাসের হার ৯৩ দশমিক ২৬ শতাংশ, যা ২০০৯ সালে বোর্ড প্রতিষ্ঠার পর সর্বোচ্চ৷ ২০১৩ সালে পাসের হার ছিল ৯০ দশমিক ৬ শতাংশ৷ ২০১২ সালে ছিল ৮৭ দশমিক ১৬ শতাংশ৷
এ বছর ১৪ হাজার ৮২৭ জন জিপিএ-৫ পেয়েছে৷ এর মধ্যে ছয় হাজার ৫১৮ জন ছাত্রী, আট হাজার ৩০৯ জন ছাত্র৷ ২০১৩ সালে জিপিএ-৫ পেয়েছিল আট হাজার ১৮৬ জন৷ ২০১২ সালে সাত হাজার ৪৩১ জন৷
গতকাল শনিবার বেলা একটায় দিনাজপুর শহরের বালুবাড়ী এলাকায় বোর্ডের কার্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. তোফাজ্জুর রহমান ফলাফল ঘোষণা করে এর কপি সাংবাদিকদের হাতে তুলে দেন৷ এ সময় বোর্ডের সচিব আবদুল মজিদ, উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. আরিফুল ইসলাম, খ ম রফিকুল ইসলামসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷
ফলাফলে দেখা যায়, এবারের এসএসসি পরীক্ষায় এক লাখ ১৮ হাজার ৪৩৮ জন পরীক্ষায় অংশ নেয়৷ ছাত্রীদের পাসের হার ৯৩ দশমিক ৪২ শতাংশ৷ ছাত্রদের পাসের হার ৯৩ দশমিক ১১ শতাংশ৷ পরীক্ষায় অংশ নেওয়া দুই হাজার ৫১০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এমন একটিও নেই যেখান থেকে কোনো শিক্ষার্থী পাস করেনি৷ ৬৬১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষার্থী পাস করেছে৷
বিষয়টি নিশ্চিত করে শিক্ষা বোর্ডের সচিব মো. আবদুল মজিদ জানান, ২০০৯ সালে দিনাজপুর বোর্ডের অধীনে প্রথম এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়৷ ওই বছর দুই হাজার ৩২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করে৷ ২০১০ সালে তা বেড়ে হয় ৪৬টি, ২০১১ সালে ৪৮টি, ২০১২ সালে ২৩১টি ও ২০১৩ সালে তা দাঁড়ায় ৪৫৪টিতে৷
পরীক্ষা নিয়ন্ত্রক মো. তোফাজ্জুর রহমান বলেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের সীমাবদ্ধতার শেষ নেই৷ নিজস্ব ভবন নেই, কম্পিউটার সেন্টার নেই৷ রেজিস্ট্রেশন, প্রবেশপত্র তৈরি, ফলাফল প্রস্তুতসহ সব কাজে রাজশাহী শিক্ষা বোর্ডের কম্পিউটার সেন্টারের ওপর নির্ভর করতে হয়৷ নিজস্ব কম্পিউটার সেন্টার না থাকায় বোর্ডের অধীন আট জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান, ফলাফল মূল্যায়ন ও অগ্রগতি পর্যালোচনার কাজ যথাযথভাবে করা সম্ভব হচ্ছে না৷ তার পরও বোর্ডের সব কাজে উল্লেখযোগ্য অগ্রগতির জন্য তিনি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানান৷
চার জেলার কোনো প্রতিষ্ঠান নেই: দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার রংপুরের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ৯৫ দশমিক শূন্য আট পয়েন্ট পেয়ে প্রথম হয়েছে৷ গতবারের সেরা দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আমেনা-বাকি রেসিডেনসিয়াল মডেল স্কুল এবার চতুর্থ হয়েছে৷ তাদের ৭০ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে৷
সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় রংপুর ও দিনাজপুরের সাতটি করে, নীলফামারীর চারটি ও ঠাকুরগাঁওয়ের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে৷ তবে বোর্ডের অধীন কুড়িগ্রাম, গাইবান্ধা, পঞ্চগড় ও লালমনিরহাট জেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই৷