সু চি প্রেসিডেন্ট হতে চাইলে তাঁর দুই সন্তানকে অবশ্যই ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করতে হবে এবং মিয়ানমারের নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে
সু চি কি পারবেন প্রেসিডেন্ট হতে?

মিয়ানমারের বর্তমান সংবিধান অনুযায়ী দেশটির গণতন্ত্রপন্থী ও বিরোধীদলীয় নেত্রী অং সান সু চি প্রেসিডেন্ট হতে পারবেন না। সংবিধানের একটি ধারায় বলা হয়েছে, মিয়ানমারের কোনো নাগরিকের স্বামী বা স্ত্রী অথবা সন্তান বিদেশি নাগরিক হলে তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারবেন না। সু চির প্রয়াত স্বামী ব্রিটিশ নাগরিক ছিলেন। তাঁর দুই ছেলেও ব্রিটিশ নাগরিক। সংবিধানের অপর একটি ধারায় বলা হয়েছে, প্রেসিডেন্ট প্রার্থী হতে হলে সামরিক বাহিনীতে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। কিন্তু মিয়ানমারের সামরিক বাহিনীতে কোনো নারীর নিয়োগ হওয়ার কোনো সুযোগ নেই।
সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) এই সংবিধানকে অগণতান্ত্রিক আখ্যায়িত করে এটি সংশোধনের দাবি জানিয়েছে। তাদের এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে অনেকে। এর মধ্যে রয়েছেন দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন।
প্রেসিডেন্ট গত সপ্তাহে বলেছেন, দেশের যেকোনো নাগরিক যাতে প্রেসিডেন্ট হতে পারেন, সে জন্য তিনি সংবিধান পরিবর্তনের এই দাবিকে সমর্থন করছেন। তাঁর এ মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, এবার সম্ভবত সু চির প্রেসিডেন্ট হওয়ার পথের বাধা দূর হতে যাচ্ছে।
প্রেসিডেন্ট আরও বলেন, জাতীয়, অর্থনৈতিক ও সামাজিক স্বার্থে সময়ে সময়ে সংবিধান সংশোধন করা স্বাস্থ্যকর। তিনি বলেন, দেশকে নেতৃত্ব দেওয়ার অধিকার যেকোনো নাগরিকের রয়েছে এবং আমি সেই অধিকারের ওপর কোনো ধরনের হস্তক্ষেপ করতে চাই না।
এর আগে গত ২৮ ডিসেম্বর এনএলডি ২০১৫ সালে অনুষ্ঠেয় পার্লামেন্ট নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দেয়। এনএলডি বলেছে, দেশের সংবিধান যদি সংশোধন না করাও হয়, তবুও তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।
মিয়ানমারে প্রেসিডেন্ট সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন না। পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী দল তাদের পছন্দের প্রার্থীকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে।
প্রেসিডেন্ট থেইন সেইনের ওই বক্তব্য রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। পরদিন পত্রপত্রিকায়ও বক্তব্যটি প্রকাশিত হয়। কিন্তু সংবিধানের যেকোনো পরিবর্তনের জন্য পার্লামেন্টের ৭৫ শতাংশের বেশি সদস্যের সমর্থন প্রয়োজন। কিন্তু পার্লামেন্টের ওপর থেইন সেইনের প্রভাব আগের মতো নেই। কাজেই প্রেসিডেন্ট চাইলেই যে সংবিধানের সংশোধন হবে, এমনটা নয়।
পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সদস্যদের মধ্যে কেবল সু চির স্বার্থে সংবিধান সংশোধনের কোনো ইচ্ছা দেখা যাচ্ছে না। দলটি কয়েক দিন আগে সংবিধানের কোন কোন ধারা সংশোধন করা যায়, সে ব্যাপারে একটি প্রস্তাব দিয়েছে।
দলটির শীর্ষ আইনপ্রণেতারা প্রস্তাব দিয়েছেন, যদি কোনো প্রার্থীর স্বামী বা সন্তান বিদেশি নাগরিক হন, তবে তাঁদেরকে বিদেশি নাগরিকত্ব ত্যাগ করে মিয়ানমারের নাগরিকত্ব নিতে হবে।
উ খিন মং নামের একজন আইনপ্রণেতা বলেন, সু চি প্রেসিডেন্ট হতে চাইলে তাঁর দুই সন্তানকে অবশ্যই ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করতে হবে এবং মিয়ানমারের নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে।
মিয়ানমারের রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষক সংস্থা নেটওয়ার্ক মিয়ানমারের চেয়ারম্যান ও সাবেক ব্রিটিশ কূটনীতিক ডেরেক টনকিন বলেন, সু চির দুই সন্তান কিম ও আলেকজান্ডার একসময় মিয়ানমারের নাগরিকই ছিলেন। কিন্তু তাঁদের নাগরিকত্ব সাবেক সামরিক জান্তা বাতিল করে। তিনি বলেন, এখন আমার মনে হয় না যে তাঁরা তাঁদের ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করতে চাইবেন।
এ ব্যাপারে সু চি (৬৮) বলেন, পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ দল যে সংশোধনীর কথা বলেছে, আমি মনে করি না এটি যথেষ্ট। রেডিও ফ্রি এশিয়াকে দেওয়া এ সাক্ষাৎকারে তিনি বলেন, ‘প্রার্থীর প্রাপ্তবয়স্ক সন্তানের জাতীয়তা এখানে কোনোভাবেই প্রাসঙ্গিক নয়। আমার সন্তানেরা প্রাপ্তবয়স্ক। তারা কী করবে, সে দায় এখন আর আমার ওপর বর্তায় না।’
প্রেসিডেন্ট থেইন সেইনের বক্তব্যে সংখ্যাগরিষ্ঠ দলের প্রস্তাবের উল্লেখ ছিল না। কাজেই এটা ঠিক পরিষ্কার নয় যে সংবিধানের এ ধারা সংশোধনের জন্য তিনি দলটিকে চাপ দেবেন কি না।
পার্লামেন্টের ৭৫ শতাংশের বেশি সদস্যের সমর্থন ছাড়াও সংবিধান সংশোধনের জন্য মিয়ানমারের ক্ষমতাশালী সামরিক বাহিনীর অনুমোদনের প্রয়োজন হয়। কেননা পার্লামেন্টের ২৫ শতাংশ আসন সামরিক বাহিনীর জন্য বরাদ্দ। এ ক্ষেত্রে সামরিক বাহিনী সংবিধান সংশোধনে রাজি হবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।
সংবিধান সংশোধনের দাবির ব্যাপারে সমর্থন জোগাড়ের জন্য অং সান সু চি গত সোমবার থেকে বিভিন্ন রাজ্য সফর করছেন। এর আগে গত শনিবার মিয়ানমারের ৬৬তম স্বাধীনতা দিবসে দেওয়া এক বক্তৃতায় সু চি সংবিধান সংশোধনের ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য সরকার ও সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানান।
মিয়ানমারের সাবেক সামরিক জান্তা ২০০৮ সালে সরকারে নিজেদের প্রভাব বজায় রাখতে এ সংবিধান রচনা করে।
শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী সাবেক রাজবন্দী অং সান সু চির দল এনএলডি ১৯৯০ সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছিল। কিন্তু দলটিকে সরকার গঠন করতে দেয়নি সাবেক সামরিক জান্তা। ২০১২ সালের এপ্রিল মাসে এনএলডিকে পার্লামেন্টের উপনির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয় এবং দলটি ৪৪টি আসনের মধ্যে ৪৩টি আসনে জয়লাভ করে। এনএলডি হয়পার্লামেন্টের বিরোধী দল।
মিয়ানমারের সংখ্যালঘু মুসলিম নাগরিকদের ওপর সরকারি বাহিনীর অত্যাচার-নিপীড়নের ঘটনায় নীরব ভূমিকা পালনের জন্য সু চি সম্প্রতি মানবাধিকার গোষ্ঠীগুলোর সমালোচনার মুখে পড়েন। মিয়ানমারের অন্যান্য জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ও সু চির ওপর নাখোশ হয়েছে। তাদের মনে হয়েছে, আরও বেশি স্বায়ত্তশাসন দেওয়ার দাবিতে তাদের আহ্বানকে সু চি অবহেলা করেছেন এবং যারা তাকে গৃহবন্দী করে রেখেছিল, সেই সামরিক বাহিনীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখছেন। কিন্তু তার পরও মিয়ানমারে সু চির বিপুল জনপ্রিয়তা রয়েছে। সাধারণভাবে ধারণা করা হচ্ছে, ২০১৫ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তাঁর দলই জিতবে এবং সু চির প্রেসিডেন্ট হওয়ার পথ সুগম হবে।
সূত্র: নিউইয়র্ক টাইমস ও হাফিংটন পোস্ট